শপিং মলে ক্রেতাদের মোবাইল নম্বর আর চাওয়া যাবে না, নতুন আইন আনছে কেন্দ্র! কবে থেকে শুরু হবে?

শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটার পর এখন আর আপনার মোবাইল নম্বর চাইবে না কর্মীরা। ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার। এর জন্য তারা নতুন একটি আইন কার্যকর করতে চলেছে।
এতদিন পর্যন্ত শপিং মলে ক্রেতাদের কাছ থেকে মোবাইল নম্বর চাওয়া হতো, মূলত ‘লয়্যালটি পয়েন্ট’ দেওয়া বা ছাড়ের সুবিধা দেওয়ার জন্য। কিন্তু কেন্দ্র মনে করছে, এভাবে মোবাইল নম্বর চাওয়ার ফলে ক্রেতাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। এই প্রবণতা বন্ধ করার জন্য কেন্দ্র ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট কার্যকর করতে চলেছে। এই আইন চালু হলে প্রকাশ্যে ক্রেতাদের কাছে তাঁদের মোবাইল নম্বর চাওয়া আইনত অবৈধ বলে বিবেচিত হবে।
২০২৩ সালের আগস্ট মাসে এই বিলটি সংসদের উভয় কক্ষে পাস হয়েছিল এবং রাষ্ট্রপতির অনুমোদনও পেয়েছিল। যদিও এরপর প্রায় দুই বছর কেটে গেলেও আইনটি কার্যকর হয়নি। তবে চলতি বছরের জানুয়ারিতে এই আইনের খসড়া বিধি তৈরি করা হয়। সম্প্রতি কেন্দ্র সরকার জানিয়েছে যে, তারা এই বিধিতে কোনো পরিবর্তন আনবে না, এবং খুব শীঘ্রই এটি কার্যকর হবে।
এই নতুন আইনের ফলে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।