রাহুল গান্ধীকে ‘মার্কিন এজেন্ট’ বলল বিজেপি! ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে নতুন বিতর্ক

ডোনাল্ড ট্রাম্পের ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি সংক্রান্ত মন্তব্যকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, ট্রাম্পের নির্দেশে মাত্র পাঁচ ঘণ্টায় পাকিস্তান থেকে হামলা থামানো হয়েছে। রাহুলের এই মন্তব্যের পর বিজেপি তাকে ‘মার্কিন এজেন্ট’ বলে কটাক্ষ করেছে।
বুধবার বিহারে এক সমাবেশে রাহুল গান্ধী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনিই ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছেন। ট্রাম্প নাকি উভয় দেশকে ২৪ ঘণ্টার সময় দিয়েছিলেন, কিন্তু মোদী মাত্র পাঁচ ঘণ্টাতেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেন। রাহুল এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে, প্রধানমন্ত্রী ট্রাম্পের চাপে নত হয়েছেন।
রাহুলের এই মন্তব্যের পর বিজেপি নেতা গৌরভ ভাটিয়া কড়া ভাষায় তার সমালোচনা করেছেন। তিনি বলেন, রাহুল গান্ধী একজন বিদেশি রাষ্ট্রনেতার কথায় বিশ্বাস করছেন, কিন্তু নিজের দেশের প্রধানমন্ত্রীর কথায় নয়। ভাটিয়া অভিযোগ করেন, “রাহুল গান্ধী একজন মার্কিন প্রেসিডেন্টের এজেন্টের মতো কাজ করছেন এবং বিদেশের কাছে দেশের সম্মান নষ্ট করছেন।” তিনি এও বলেন যে এই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প বারবার এর কৃতিত্ব দাবি করে আসছেন। যদিও ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বারবার বলেছেন যে, এই যুদ্ধবিরতি একটি দ্বিপাক্ষিক সিদ্ধান্ত ছিল এবং কোনো তৃতীয় পক্ষ এতে মধ্যস্থতা করেনি।
বিরোধীরা এই বিষয়টিকে বারবার হাতিয়ার করছে, কারণ কেন্দ্র এই বিষয়ে ট্রাম্পের মিথ্যাচার নিয়ে কোনো কড়া মন্তব্য করেনি। এখন রাহুলের মন্তব্যের পর বিজেপি তাকে সরাসরি বিদেশি এজেন্ট বলে অভিযোগ করায় বিতর্ক আরও বেড়েছে।