“বিজেপির ললিপপ হবেন না”-নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার

বিহারে ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রভাব এবার পশ্চিমবঙ্গেও পড়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বর্ধমানের একটি প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনের আগে যেন ভোটার তালিকা থেকে কোনো ভোটারের নাম বাদ না দেওয়া হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দয়া করে বিজেপির ললিপপ হবেন না। ভোট এলেই এনআরসি করতে হবে? নতুন করে নাম কাটতে হবে? এসব করলে মানুষ কিন্তু ক্ষমা করবেন না।’ তিনি কার্যত নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার ইচ্ছা করছে ইলেকশন কমিশনকে প্রণাম ও সালাম জানাতে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, যখনই নির্বাচন আসে, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিযায়ী শ্রমিকের মতো বাংলায় আসেন। তিনি কটাক্ষ করে বলেন, ‘আমি চাই আপনি রোজ আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তাও ফ্রি—সবই তো পাচ্ছেন ফ্রিতে!’

উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে, তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তিনি বাংলার ভোটার তালিকা সংশোধনের দায়িত্বপ্রাপ্ত বিএলও-দের নির্দেশ দিয়েছেন যে, কোনোভাবেই যেন কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায়। এই পরিস্থিতিতে বিজেপি বাংলায় ভোটার তালিকা সংশোধনকে মসনদ দখলের স্বপ্ন হিসেবে দেখছে।