‘জন্ম দিলেই আপন হয় না’— সোশ্যাল পোস্টে কীসের ইঙ্গিত দিলেন সঞ্জয় কন্যা?

বলিউড তারকা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্তের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। জন্মদিনের কয়েক সপ্তাহ পর করা এই পোস্টে তিনি ‘পরিবার’ নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা থেকে অনেকে ধারণা করছেন যে সঞ্জয় দত্তের পরিবারের ভেতরে কোনো অশান্তি চলছে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কার্ড শেয়ার করে ত্রিশলা লিখেছেন, ‘শুধু রক্তের সম্পর্ক থাকলেই কাউকে জীবনে জায়গা দিতে হয় না। অনেক সময় সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষই ‘পরিবার’ নাম নিয়ে ঘুরে বেড়ায়।’
তিনি আরও লিখেছেন, ‘নিজের মানসিক শান্তি রক্ষা করা সবার অধিকার। চাইলে যোগাযোগ কমিয়ে দেওয়া বা একেবারে বন্ধ করে দেওয়াও যায়। পরিবারের সম্মান রক্ষার চেয়ে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াই আগে।’
এই পোস্টে ‘পরিবার’ এবং ‘রক্তের সম্পর্ক’ নিয়ে মন্তব্যের কারণে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, ত্রিশলা কি সরাসরি তার বাবা সঞ্জয় দত্তকেই নিশানা করেছেন?
কী কারণে এই জল্পনা?
এই পোস্টে আরও বলা হয়েছে, ‘পরিবার মানেই খারাপ ব্যবহার, দোষ চাপানো বা কষ্ট দেওয়ার অধিকার নয়। যারা আপনাকে কষ্ট দেয়, তাদের জীবনে সুযোগ দেওয়ার কোনো দরকার নেই। তারা জন্ম দিয়ে বড় করে তুললেও আপনজন হয়ে যান না।’
উল্লেখ্য, ২৯ জুলাই সঞ্জয় দত্তের জন্মদিন ছিল এবং সেদিন ত্রিশলা তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আবার ১০ আগস্ট ত্রিশলার জন্মদিনে সঞ্জয়ও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। তবুও এমন একটি পোস্ট দেখে অনেকেই অবাক হয়েছেন।
সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার একমাত্র কন্যা ত্রিশলা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তার এই পোস্টের আসল কারণ এখনও জানা যায়নি, তবে এই তারকা পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে।