৫০ গ্রাম থেকে ১০ কেজি! গণেশ পুজোয় বাজার মাতাচ্ছে রকমারি লাড্ডু, দাম জানেন?

গণেশ চতুর্থীর আগে হুগলির ব্যান্ডেলের একটি মিষ্টির দোকান তাদের বিশাল আকারের লাড্ডু দিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এই বছর গণেশ পুজোয় শুধু ছোট আকারের লাড্ডুই নয়, ১০ কেজি পর্যন্ত ওজনের বিশাল লাড্ডুও তৈরি করা হয়েছে, যা পুজো কমিটি এবং সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এই দোকানে বিভিন্ন আকারের লাড্ডু পাওয়া যাচ্ছে। ছোট আকারের ৫০ গ্রামের লাড্ডু থেকে শুরু করে ৫ কেজি, ৭ কেজি এবং এমনকি ১০ কেজির বিশাল লাড্ডুও তৈরি করা হয়েছে। ১০ কেজির লাড্ডুর দাম রাখা হয়েছে ৩,৫০০ টাকা, ৭ কেজির দাম ২,০০০ টাকা, এবং ৫ কেজির লাড্ডু মিলছে ১,০০০ টাকায়।

একসময় গণেশ পুজো মূলত মহারাষ্ট্রে প্রচলিত থাকলেও, এখন এটি বাংলার ঘরে ঘরে এবং বিভিন্ন বারোয়ারীতেও জনপ্রিয় হয়ে উঠেছে। মিষ্টি বিক্রেতারা বলছেন, এই কারণেই লাড্ডুর চাহিদা ব্যাপক বেড়েছে। মিষ্টি নির্মাতা শুভেন্দু মণ্ডল জানান, “এখন শুধু মহারাষ্ট্র নয়, বাংলাতেও গণেশ পুজোর চল বেড়েছে, তাই মিষ্টি তৈরিতে এত ব্যস্ততা দেখা যাচ্ছে।”

এই বিশাল আকারের লাড্ডুগুলো মূলত মতিচুর দিয়ে তৈরি করা হচ্ছে। এর ভেতরে থাকছে কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম এবং অন্যান্য সুস্বাদু উপকরণ। লাড্ডুগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে উপরে চেরি, পেস্তা এবং কাজু দিয়ে সাজানো হচ্ছে। দিনরাত এক করে মিষ্টি নির্মাতারা এই লাড্ডুগুলো তৈরি করছেন, কারণ পুজো আর মাত্র এক দিন বাকি। কিছু লাড্ডু অর্ডার অনুযায়ী তৈরি হলেও, বেশিরভাগই সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী তৈরি করা হচ্ছে। বিভিন্ন পুজো কমিটি উৎসাহ নিয়ে এই বড় লাড্ডুগুলো কিনতে আসছেন।