সচিনের রেকর্ড ভাঙার পথে? জো রুটের কীর্তিতে মুখ খুললেন ক্রিকেটের ভগবান

টেস্ট ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুটের প্রশংসা করলেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। সচিন বলেন যে তিনি আগেই জানতেন যে রুট একজন বড় খেলোয়াড় হবেন।
সম্প্রতি ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ১৩ হাজার রানের রেকর্ড গড়েন জো রুট। বর্তমানে তিনি টেস্ট ক্রিকেটে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। এখনও পর্যন্ত তার মোট রান ১৩,৫৪৩, যেখানে রয়েছে ৩৯টি সেঞ্চুরি এবং ৬৬টি হাফ সেঞ্চুরি।
যদিও সচিনের ১৫,৯২১ রানের বিশ্বরেকর্ড ভাঙতে রুটকে এখনো অনেকটা পথ যেতে হবে, তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন যে যদি রুট তার বর্তমান ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে এই রেকর্ড ভাঙা সময়ের ব্যাপার মাত্র।
সচিন তেন্ডুলকর বলেন যে ২০১২ সালে নাগপুরে রুটের প্রথম টেস্ট ম্যাচ দেখেই তিনি মুগ্ধ হয়েছিলেন। সেই সময়ই তিনি সবাইকে বলেছিলেন যে, ‘তোমরা ইংল্যান্ডের ভবিষ্যতের অধিনায়ককে দেখছ।’ সেই দিনই তিনি বুঝেছিলেন যে রুট ভবিষ্যতে অনেক বড় কিছু করবেন। সচিন আরও বলেন, ‘১৩,০০০ রান করা সত্যিই একটি বড় ব্যাপার। সে এখনও দারুণ খেলছে।’
৩৪ বছর বয়সী জো রুট আগামী কয়েক বছর তার এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব।