প্রকাশ্যে শিক্ষকের হাত কেটে নিল দুষ্কৃতী, হাড়হিম ঘটনা ভগবানপুরে

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এক ব্লকের সিমুলিয়া গ্রাম পঞ্চায়েতে এক চাঞ্চল্যকর ঘটনায় সোমবার সকালে এক স্কুল শিক্ষকের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। গোকুলচন্দ্র মুড়া নামের ওই শিক্ষকের হাত থেকে কব্জি আলাদা করে দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল প্রায় এগারোটা নাগাদ শিক্ষক গোকুলচন্দ্র মুড়া স্কুলে যাচ্ছিলেন। সেই সময় নন্দ মুড়া নামের এক স্থানীয় ব্যক্তি তাঁর পথ আটকায় এবং ধারাল অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। নিজেকে বাঁচানোর চেষ্টা করলে শিক্ষকের হাতে কোপ পড়ে এবং কব্জি কেটে মাটিতে পড়ে যায়। এরপরই অভিযুক্ত পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে চার বছর আগের একটি ঘটনা। ওই শিক্ষকের নাবালিকা মেয়ে নিখোঁজ হলে তিনি নন্দ মুড়ার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছিলেন। পুলিশ সেই সময় নাবালিকাকে অন্তঃসত্ত্বা অবস্থায় উদ্ধার করে। যদিও পরে শিক্ষক মামলাটি তুলে নেন, কিন্তু নন্দ মুড়ার মনে ক্ষোভ থেকে যায়। সেই ক্ষোভের জেরেই এই হামলা বলে মনে করা হচ্ছে।
গুরুতর আহত অবস্থায় শিক্ষককে প্রথমে ভগবানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের ব্যবহৃত অস্ত্র এবং কাটা হাত উদ্ধার করে। এলাকায় উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহলদারি শুরু হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।