জলপাইগুড়িতে দেখা মিলল ডাইনোসরের ডিম! আলোড়ন জেলাজুড়ে, দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি

ডাইনোসরের ডিম! হ্যাঁ, ঠিকই শুনেছেন। জলপাইগুড়িতে এখন সত্যিই ডাইনোসরের ডিম দেখা যাচ্ছে। এটি কোনো কল্পকাহিনি নয়, বরং সত্যি। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের জাদুঘরে রাখা হয়েছে ১৩৫ মিলিয়ন বছর আগের একটি ডাইনোসরের ডিম, যা দেখতে ভিড় করছে আট থেকে আশি সব বয়সের মানুষ।

বিজ্ঞানীরা বলছেন, যে ডিমটি এখানে আনা হয়েছে সেটি ‘টাইট্যানো সাওরাস’ নামের এক প্রজাতির ডাইনোসরের ডিম। ১৩৫ মিলিয়ন বছর আগে এই প্রজাতির ডাইনোসর পৃথিবীতে ছিল।

প্রতি রবিবার সন্ধ্যায় এই বিরল ডিমটি দেখতে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণ মানুষ— সকলেই ভিড় করছেন। সবাই নিজের চোখে এমন একটি ঐতিহাসিক জিনিস দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না।

জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত জানিয়েছেন, ডাইনোসরের ডিম ছাড়াও তাদের সংগ্রহে এই বিলুপ্ত প্রাণীর হাড়গোড়ও রয়েছে। তিনি বলেন, “আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া বা বিলুপ্তপ্রায় প্রাণী ও জীবাশ্ম সংগ্রহ করার চেষ্টা করছি। সেগুলোকে ভালো করে সংরক্ষণ করে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে চাই।”

তিনি আরও জানান, ডাইনোসরের ডিম আসার পর থেকে জাদুঘরে দর্শনার্থীর সংখ্যা অনেক বেড়েছে। তবে তাদের আক্ষেপ, জায়গা কম থাকার কারণে তারা অনেক দুর্লভ জিনিসপত্র ঠিকমতো প্রদর্শন করতে পারছেন না।