নিউইয়র্ক স্টেট হাইওয়েতে উল্টে গেল বাস, মৃত কমপক্ষে ৫

নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস নিউইয়র্ক স্টেট হাইওয়েতে উল্টে গিয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বাসে থাকা ভারতীয়, চীনা এবং ফিলিপিন্সের যাত্রীরাও ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় কানাডা সীমান্তের কাছে পেমব্রুক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি নায়াগ্রা জলপ্রপাত দেখে ফিরছিল। নিউইয়র্ক পুলিশ কমান্ডার মেজর আন্দ্রে রে জানিয়েছেন, বাসটির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা হয়েছে। তিনি আরও জানান, বাসটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না এবং চালকও মদ্যপ ছিলেন না।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের উদ্ধারের জন্য ৮টি হেলিকপ্টার ব্যবহার করা হয় এবং তাদের হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ নিশ্চিত করেছে যে আহতরা এখন বিপদমুক্ত। তবে, নিহতদের মধ্যে কতজন ভারতীয় নাগরিক, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। নিহতদের মধ্যে কোনো শিশু নেই বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ বর্তমানে বাস চালকের সঙ্গে কথা বলছে যাতে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়। পুলিশ কর্মকর্তা জানান, “চালক জীবিত এবং সুস্থ আছেন। আমরা তার সঙ্গে কথা বলছি এবং কীভাবে দুর্ঘটনা ঘটল সে সম্পর্কে আমরা একটি পরিষ্কার ধারণা পেতে চাই।”
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এবং বর্ষীয়ান সেনেটর চাক শুমার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য উদ্ধারকারী দলকে ধন্যবাদও জানিয়েছেন।