‘ইশ.. আমি যদি ওর মতো দেখতে হতাম’, বলিউডের কোন নায়কের রূপ দেখে জ্বলে ওঠেন শাহরুখ খান?

বলিউডের ‘বাদশা’ তিনি। সুপারহিট ছবি, কোটি কোটি ভক্ত আর আকাশছোঁয়া জনপ্রিয়তা—সবকিছুই আছে তাঁর ঝুলিতে। তবুও তাঁর মনে রয়েছে কিছু আক্ষেপ। সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখ খান নিজেই জানালেন, বলিউডের একজন অভিনেতাকে দেখলে তাঁর মনে হিংসা জাগে এবং তিনি ভাবেন, ‘ইশ, আমি যদি ওর মতো দেখতে হতাম!’ সেই অভিনেতা আর কেউ নন, তিনি হলেন ববি দেওল।
বুধবার ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজ ‘Ba***ds of Bollywood’-এর প্রচারে এসে শাহরুখ এই কথা বলেন। তিনি জানান, ১৯৯৫ সালে ‘বরসাত’ ছবির মাধ্যমে ববি দেওলের বলিউডে আত্মপ্রকাশের পর একটি ফিল্মি অনুষ্ঠানে প্রথমবার তাঁকে দেখেছিলেন।
শাহরুখের কথায়, “ববিকে আমি প্রথম দেখি সানগ্লাস পরে সাদা পোশাকে দাঁড়িয়ে থাকতে। তাঁকে দেখেই আমার মনে হয়েছিল, একজন সুপারস্টার ঠিক এমনটাই হয়। এমন চেহারা, এমন অ্যাটিটিউড!” সেদিন নিজের মনেই তিনি ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন, কেন তাঁর এমন লুক হলো না।
শাহরুখের মুখে এমন কথা শুনে ববি দেওল খুবই আপ্লুত হন। আরিয়ানের এই সিরিজে ববিকে একটি খলনায়কের চরিত্রে দেখা যাবে। ববি বলেন, “শাহরুখ খুবই দিলদার মানুষ। বলিউডের বাদশা হয়েও তিনি একেবারেই মাটির মানুষ।” তিনি আশা প্রকাশ করেন, আরিয়ানও ভবিষ্যতে শাহরুখের মতোই বড় মাপের একজন মানুষ হবেন।
শাহরুখপুত্র আরিয়ান খান কখনো অভিনয় করতে চাননি, বরং তাঁর আগ্রহ ছিল চলচ্চিত্র নির্মাণে। সেই ইচ্ছাকে বাস্তব রূপ দিতেই তিনি নেটফ্লিক্সের জন্য এই সিরিজটি তৈরি করেছেন। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে এটি মুক্তি পাবে।