বাবা ক্রিকেটের ‘ঈশ্বর’, তবুও কেন ক্রিকেটার হলেন না শচীন কন্যা সারা?

বাবা শচীন টেন্ডুলকারকে বলা হয় ‘ক্রিকেটের ঈশ্বর’, আর ভাই অর্জুনও খেলছেন আইপিএল। এমন এক ক্রিকেট পরিবারের সদস্য হয়েও শচীনকন্যা সারা টেন্ডুলকার কেন ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিলেন না? বরাবরই খেলাধুলা থেকে দূরে থাকা সারা এখন একজন সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার পর্যটন দূত হিসেবে কাজ করছেন এবং সেখানেই এক সাক্ষাৎকারে তার জীবনের নানা অজানা কথা জানিয়েছেন।
ক্রিকেট কেন নয়?
শচীনের মেয়ে হওয়ায় অনেকেই মনে করেন সারাও হয়তো ক্রিকেটার হবেন। কিন্তু এই প্রশ্নের জবাবে সারা স্পষ্ট বলেন, “আমি খেলাধুলা নিয়ে কোনোদিন ভাবিনি। ক্রিকেট এবং অন্যান্য খেলায় বরাবর আমার ভাই অর্জুন দক্ষ ছিল। আমি শুধু মাঝেমধ্যে গলি ক্রিকেট খেলেছি। কিন্তু ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেওয়ার কথা কখনও ভাবিনি।”
অস্ট্রেলিয়ার সঙ্গে আবেগঘন সম্পর্ক
সারা ছোটবেলা থেকেই বাবার ক্রিকেট সফরের কারণে অস্ট্রেলিয়াকে চেনেন। তিনি বলেন, “আমরা বাবাকে খুব কমই দেখতে পেতাম, কারণ তিনি সব সময় ক্রিকেট সফরে থাকতেন। যখন আমরা অস্ট্রেলিয়া যেতাম, তখন আমরা খুব খুশি হতাম।” তিনি আরও বলেন যে, সিডনিতে বাবার সঙ্গে পুরো দলের সঙ্গে নৌকায় করে নতুন বছর পালন করার সেই মুহূর্তটি তিনি কখনোই ভুলতে পারবেন না।
বাবার অবসরের মুহূর্ত এবং জীবন দর্শন
সারা তার বাবার অনেক ঐতিহাসিক ইনিংস দেখেছেন, কিন্তু ২০১৩ সালে শচীনের অবসরের ম্যাচটি তার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। তিনি বলেন, “তখন আমার বয়স অল্প ছিল, তাই বুঝতে পারতাম না যে আমার বাবার ক্রিকেট ছেড়ে দেওয়ার অর্থ কী। ছোটবেলায় আমি ম্যাচ দেখতে যেতাম, কিন্তু তাদের আসল গুরুত্ব বুঝতে পারতাম না।”
তিনি আরও জানান, তার বাবা তাকে সব সময় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন: “স্বাধীনতা পেলে, দায়িত্ব পালন করতে শিখতে হবে।” কলেজ জীবন থেকেই সারা এটিকে তার জীবনের একটি অংশ করে নিয়েছেন।