ECL-এর খনিতে জলের স্রোতে ভেসে শ্রমিকের মৃত্যু, প্রবল ক্ষোভ প্রদর্শন সকলের

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (ইসিএল)-এর একটি খনিতে ভয়াবহ দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে অন্ডাল থানার অধীন বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ৩ নম্বর খাদানে এই ঘটনা ঘটে। মৃত শ্রমিকের নাম বিবেক মাজি (২২)। দুর্ঘটনার সময় খনির ভেতরে আরও চারজন শ্রমিক আটকে পড়েছিলেন, যাদেরকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পাঁচজন অস্থায়ী শ্রমিক খনির প্রায় ৬৫০ ফুট গভীরে কয়লা কাটার কাজ করছিলেন। এই খনির ভেতরে বিপজ্জনক স্থানে আগে থেকেই একটি পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। বুধবার ভোরের দিকে মেশিন দিয়ে কয়লা কাটার সময় হঠাৎ করেই সেই বিপজ্জনক পাঁচিলের একটি অংশ ভেঙে পড়ে। পাঁচিলের অন্য পাশে প্রচুর পরিমাণে জল জমা ছিল, যা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই প্রবল বেগে খনিতে প্রবেশ করতে শুরু করে।
জলের তীব্র স্রোতে ভেসে যান শ্রমিক বিবেক মাজি, যার ফলে তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই খনি অঞ্চলে চাঞ্চল্য সৃষ্টি হয়। আটকে পড়া বাকি চারজন শ্রমিককে উদ্ধারের জন্য দ্রুত ইসিএলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পাম্প ব্যবহার করে খনি থেকে জল বের করার পর তাদের সবাইকে উদ্ধার করা হয়। পরে বিবেকের মরদেহও উদ্ধার করা হয়। মৃত বিবেক ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার পর ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তাদের অভিযোগ, অতিরিক্ত উৎপাদন লাভের জন্য ইসিএল কর্তৃপক্ষ নিরাপত্তার তোয়াক্কা না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করাচ্ছে।
শ্যামসুন্দরপুর কোলিয়ারির পার্সোনেল ম্যানেজার বলেছেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনও পরিষ্কার নয় এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশও এই ঘটনা খতিয়ে দেখছে।