দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে কেন আঘাত করেছেন ওই ব্যক্তি? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর তাঁর সরকারি বাসভবনে হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। সিভিল লাইন এলাকার ‘জন শুনানি’ কর্মসূচিতে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম রাজেশ খিমজি (৪১), যিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। পুলিশ বর্তমানে তার দেওয়া তথ্য যাচাই করে দেখছে।

হামলার ঘটনাটি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য সামনে এসেছে। মুখ্যমন্ত্রীর দফতরের কর্মকর্তারা প্রথমে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়েছে এবং তাঁর চুল টেনে ধরা হয়েছে। অন্যদিকে, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা সাংবাদিকদের জানান, এক ব্যক্তি মুখ্যমন্ত্রীকে টেনে তোলার চেষ্টা করলে তিনি আহত হন।

মুখ্যমন্ত্রীর দফতরের লোকজন বলেছেন, যখন তিনি জনগণের অভিযোগ শুনছিলেন, তখন হঠাৎ এক ব্যক্তি এগিয়ে এসে তাঁর হাতে একটি কাগজের টুকরো তুলে দেন, উচ্চস্বরে কথা বলতে শুরু করেন, গালাগালি করেন এবং তারপর তাঁকে চড় মারেন। দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুরও একই ধরনের অভিযোগ করেন।

গ্রেপ্তার হওয়া রাজেশ খিমজির উদ্দেশ্য নিয়েও বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, রাজেশ তার জেলবন্দি আত্মীয়কে ছেড়ে দেওয়ার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল। অন্যদিকে, একটি সংবাদমাধ্যমকে রাজেশের মা ভান বলেছেন, রাজেশ নাকি একজন কুকুরপ্রেমী এবং দিল্লি থেকে সব পথকুকুরদের সরিয়ে দেওয়ার সুপ্রিম কোর্টের রায়ে সে মর্মাহত হয়েছিল।

এই ঘটনার পরপরই পাশে থাকা নিরাপত্তারক্ষীরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলেন। দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, সিভিল লাইন এলাকার ‘মুখ্যমন্ত্রী জনসেবা সদন’ নামক এই ক্যাম্প অফিসটি সম্প্রতি জনসাধারণের অভিযোগ শোনার জন্য চালু করা হয়েছে। সেখানেই এই অনাকাঙ্খিত ঘটনা ঘটল।