“বাংলাকে নিয়ে ছবি কেউ জানায়নি”-অভিনেতা শাশ্বতর মন্তব্যের পরেই ক্ষোভ প্রকাশ বিবেক অগ্নিহোত্রীর

সম্প্রতি মুক্তি পাওয়া ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির ট্রেলার ঘিরে বিতর্ক তুঙ্গে। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, যিনি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। শাশ্বতর দাবি, শুটিংয়ের সময় ছবির নাম ছিল ‘দিল্লি ফাইলস’, পরে তা বদলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ করা হয়, যা তাকে জানানো হয়নি। এই মন্তব্যের পরই শাশ্বতকে পাল্টা জবাব দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

শাশ্বত চট্টোপাধ্যায় এক মন্তব্যে জানান যে, ছবির নাম পরিবর্তনের বিষয়টি তার জানা ছিল না। তিনি আরও বলেন, কেন নাম বদলানো হয়েছে, তা তিনি ছবিটি না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না। এই মন্তব্যের পর প্রশ্ন ওঠে যে, অভিনেতাকে অন্ধকারে রেখেই কি ছবির নাম পরিবর্তন করা হয়েছে?

এই প্রসঙ্গে পরিচালক বিবেক অগ্নিহোত্রী এক সাক্ষাৎকারে বলেন, “ওঁকে যা বলতে বলা হয়েছে উনি তাই বলেছেন। শাশ্বত ভারতের অন্যতম সেরা অভিনেতা এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ তিনি অসাধারণ অভিনয় করেছেন, যার জন্য তিনি জাতীয় পুরস্কারও পেতে পারেন।” বিবেকের এই মন্তব্য থেকে স্পষ্ট যে তিনি শাশ্বতর বক্তব্যকে অন্য কোনো মহল থেকে প্রভাবিত বলে মনে করছেন।

পরিচালক আরও জানান, ছবিটি বাংলার পটভূমিতে তৈরি হয়েছে এবং শাশ্বত মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে অনেক বাঙালি অভিনেতাও কাজ করেছেন। বিবেক বলেন, ছবির নাম অনেক আগেই পরিবর্তন করা হয়েছিল এবং পোস্টার প্রকাশের পর তা সকল কলাকুশলীকে পাঠানোও হয়েছিল। তাই এখন যদি কেউ এই বিষয়ে মন্তব্য করেন, তাহলে তার কিছু বলার নেই।

ইতিহাস বিকৃতির অভিযোগ প্রসঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় জানান যে, ইতিহাস বিকৃত হয়েছে কি না সে দায় তার নয়, কারণ তিনি একজন অভিনেতা, ইতিহাসবিদ নন। তিনি কেবল তার চরিত্রটি শুনে রাজি হয়েছিলেন। তিনি আরও বলেন, আজকাল অভিনেতাদের পুরো ছবির গল্প জানানো হয় না, শুধু তাদের চরিত্রের অংশটুকুই বলা হয়।