“রাহুল গান্ধী কে প্রধানমন্ত্রী বানাবো”-বললেন তেজস্বী, INDIA জোট শরিকের বড় ঘোষণা

রাহুল গান্ধীর ‘ভোট অধিকার যাত্রা’ চলাকালীন বিহারের ঔরঙ্গাবাদ থেকে এক বড় রাজনৈতিক বার্তা দিলেন আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব। তিনি সরাসরি ঘোষণা করেছেন যে, যদি তাদের ‘গাটবন্ধন’ সরকার আসে, তাহলে তারা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করবেন। কংগ্রেসের বাইরে অন্য কোনো দলের নেতার কাছ থেকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন জানানোর এই ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তেজস্বীর এই মন্তব্যের সময় রাহুল গান্ধীকে হাসতে দেখা গেলেও তিনি নিজে এর কোনো সরাসরি উত্তর দেননি। তবে তিনি শুরু থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করে চলেছেন। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা নির্বাচন কমিশন, কাউকে ভয় পাই না। ভোট চুরির আসল সত্যটা আমি সবার সামনে তুলে ধরব।”
রাহুল গান্ধী তার এই যাত্রায় সেইসব মানুষের সঙ্গে দেখা করেন, যাদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুনীল ওরাঁও নামের এক শ্রমিক অভিযোগ করেন, জমির কাগজ না থাকায় তার নাম বাদ দেওয়া হয়েছে, যদিও তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। চাসলা গ্রামের রঞ্জু দেবীও জানান, তাদের পরিবারের ছয় সদস্যের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে।
রাহুল গান্ধী এই ঘটনাকে ‘ভোট চুরির নতুন অস্ত্র’ হিসেবে উল্লেখ করেছেন। এই বিষয়ে তেজস্বী যাদবও রাহুলকে সমর্থন জানিয়ে বলেন, “গরিব মানুষের কাছে জমির কাগজ চাওয়া মানেই তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া।”
প্রসঙ্গত, রবিবার সাসারাম থেকে রাহুলের এই ‘ভোট অধিকার যাত্রা’ শুরু হয়েছে। বিহারের ২৫টি জেলা ঘুরে এই যাত্রা ১ সেপ্টেম্বর পাটনার গান্ধী ময়দানে শেষ হবে।