উপরাষ্ট্রপতি নির্বাচন! বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপি রাধাকৃষ্ণণকে জেতাতে বিরোধীদের সমর্থন চাইলেন মোদী

আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করতে এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাঠে নেমেছেন। বিরোধীদের কাছে তিনি রাধাকৃষ্ণণকে সমর্থন করার অনুরোধ জানিয়েছেন। আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জগদীপ ধনখড়ের উত্তরসূরি বেছে নেওয়া হবে।
উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সি.পি. রাধাকৃষ্ণণের নাম ঘোষণার পর থেকেই বিজেপি তার জয়ের জন্য জোরদার চেষ্টা শুরু করেছে। প্রথমে বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে প্রার্থী না দেওয়ার আবেদন জানান। এরপর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে টেলিফোনে কথা বলে সমর্থন চেয়েছেন।
এবার আসরে নেমেছেন প্রধানমন্ত্রী মোদি নিজেই। তিনি এক্স হ্যান্ডেলে রাধাকৃষ্ণণের প্রশংসা করার পর মঙ্গলবার সরাসরি বিরোধীদের কাছে আবেদন জানান। মোদি বলেন, রাধাকৃষ্ণণ একজন ‘মাটির মানুষ’ এবং সারা জীবন বিতর্ক থেকে শতহস্ত দূরে থেকেছেন, তাই উপরাষ্ট্রপতি পদের জন্য তিনি ‘অনবদ্য’। তিনি আশা প্রকাশ করেন যে, বিরোধীরা এই পদে এনডিএ প্রার্থীকেই সমর্থন করবেন।
যদিও প্রধানমন্ত্রীর এই অনুরোধে ইন্ডিয়া জোট সাড়া দেবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বিরোধী শিবিরেও প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। সূত্রের খবর অনুযায়ী, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ডিএমকে-এর রাজ্যসভার সাংসদ তিরুচি সিবা-কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দাঁড় করানো হতে পারে। রাধাকৃষ্ণণের প্রতিদ্বন্দ্বী হিসেবে দক্ষিণের এক রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পালটা চাল দিতে চাইছে বিরোধী জোট। এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।