শিয়ালদহ স্টেশনের বাইরে টাকা চাইছেন কাঞ্চনা মৈত্র, করছেন গালিগালাজ! হঠাৎ কেন এমন করছেন অভিনেত্রী?

মঙ্গলবার সকালে কলকাতার শিয়ালদহ স্টেশন যেন এক আকস্মিক নাটকের সাক্ষী হলো। অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে সম্পূর্ণ অচেনা এক রূপে দেখা গেল স্টেশনের বাইরের রাস্তায়। প্রচণ্ড চিৎকার, অকথ্য গালিগালাজ এবং এক দম্পতির কাছে ক্রমাগত টাকা চাওয়ার ঘটনায় সেখানে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার ভিডিও এবং ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনার সময় কাঞ্চনা নিজের পরিচয় গোপন করে বারবার বলছিলেন, তার নাম স্বপ্না মণ্ডল। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি এক দম্পতির কাছে অনবরত টাকা চাইছেন এবং তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন। দম্পতিটি হাত জোড় করে ক্ষমা চাইছেন এবং কাঁদছেন, কিন্তু কাঞ্চনার রাগ যেন থামছেই না। এই অস্বাভাবিক আচরণ দেখে অনেকেই হতবাক হয়ে যান এবং দ্রুত মোবাইলে ভিডিও করা শুরু করেন। অভিনেত্রী তা দেখে তাদের দিকে তেড়ে আসেন এবং ভিডিও বন্ধ করার নির্দেশ দেন।
অনেকেই যখন কাঞ্চনার এমন আচরণের কারণ নিয়ে বিভ্রান্ত, তখন আসল রহস্য সামনে আসে। জানা যায়, এটি কোনো ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং এটি তার আসন্ন ছবির প্রচারের একটি অভিনব কৌশল। কাঞ্চনা মৈত্র তার নতুন ছবিতে ‘স্বপ্না মণ্ডল’ নামের এক চরিত্রে অভিনয় করছেন। সেই চরিত্রের বাস্তব রূপ দেওয়ার জন্যই তিনি শিয়ালদহ স্টেশনে এই ধরনের অভিনয় করেছেন। সেপ্টেম্বর মাসেই এই ছবি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
বহু বছর ধরে ছোটপর্দা ও বড়পর্দায় কাজ করা কাঞ্চনা মৈত্র বিভিন্ন ধরনের চরিত্রে তার পারদর্শিতা দেখিয়েছেন। এই ঘটনার মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে একজন অভিনেতা চরিত্রের প্রয়োজনে কতটা নিখুঁতভাবে নিজেকে বদলে ফেলতে পারেন। তার এই অভিনব প্রচার কৌশল দর্শকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে এবং এটি সফলভাবেই তার আসন্ন ছবির প্রতি মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।