Recipe: চিংড়ি নয়, বানিয়ে ফেলুন সুস্বাদু ‘চালকুমড়ো পাতার মালাইকারি’, এক হাতা ভাত চেয়ে খাবে সবাই!

মালাইকারি বললেই চোখের সামনে ভেসে ওঠে চিংড়ি মাছের ছবি। কিন্তু মা-ঠাকুমাদের রান্নাঘরে নিরামিষ পদও যে স্বাদে কোনো অংশে কম ছিল না, তার প্রমাণ মেলে চালকুমড়োর পাতার মালাইকারিতে। চিংড়ির পরিবর্তে চালকুমড়োর পাতা দিয়ে তৈরি এই পদটি বাঙালি হেঁশেলের এক পুরনো ও অসাধারণ রেসিপি। এটি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর।

উপকরণ:

চালকুমড়োর পাতা: ৭টি

নারকেলের দুধ: ১টি নারকেলের

সরষে বাটা: ২ চামচ

আদা বাটা: ১ চামচ

ধনে গুঁড়ো: ১ চামচ

রসুন বাটা: ১ চামচ

জিরে বাটা: ১ টেবিল চামচ

পেঁয়াজ বাটা: ১ চামচ

হলুদ বাটা: ১/২ চামচ

লঙ্কা বাটা: ১ চামচ

নুন: পরিমাণমতো

সর্ষের তেল: ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী:
১. প্রথমে চালকুমড়োর পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিন।
২. একটি পাত্রে সর্ষের তেল, সরষে, আদা, রসুন, জিরে, পেঁয়াজ, হলুদ, লঙ্কা এবং ধনে গুঁড়ো একসঙ্গে মেখে একটি মসলার পেস্ট তৈরি করুন।
৩. প্রতিটি পাতার ওপর এই মসলা সমানভাবে মাখিয়ে নিন এবং পাতাগুলো সাবধানে ভাঁজ করুন।
৪. একটি কড়াইতে সামান্য তেল গরম করে মসলা মাখানো পাতাগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
৫. একই কড়াইতে নারকেলের দুধ দিয়ে ফোটান। দুধ ঘন হয়ে এলে ভাজা পাতাগুলো আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দিন।
৬. হালকা আঁচে রান্না করুন যতক্ষণ না ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে আসে। এরপর নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এই পদটি যেমন পুষ্টিকর, তেমনই সুস্বাদু। এটি চিংড়ির মালাইকারির মতো না হলেও, তার স্বাদ ও গন্ধের কাছে অনেকটাই পৌঁছে যায়। বাঙালি রান্নার ঐতিহ্য ও স্বাদকে ধরে রাখতে এই পদটি খুবই উপযোগী।