“ভারত ঝকঝকে দামী মার্সিডিজ, পাকিস্তান পাথর বোঝাই ডাম্পার”-মুনিরের কথায় হাসছে নেটিজেনরা

আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে ‘নুড়ি ভর্তি ডাম্পার ট্রাক’ এবং ভারতকে ‘ঝকঝকে মার্সিডিজ’ বলে তুলনা করে বিতর্কের জন্ম দিয়েছেন খোদ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তার এই মন্তব্যে দেশজুড়ে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, যিনি মুনিরের বক্তব্যের অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন।

মার্কিন সফরে গিয়েছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। সেখানে তিনি ভারতকে শক্তিশালী ও দামি মার্সিডিজ গাড়ির সঙ্গে তুলনা করেন, আর নিজের দেশকে বলেন পাথর বোঝাই ডাম্পার ট্রাক। তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানকে ভারতের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অপ্রতিরোধ্য হিসেবে তুলে ধরা। তিনি বোঝাতে চেয়েছিলেন, ডাম্পার ট্রাক দেখতে আকর্ষণীয় না হলেও তা ওজনে অনেক ভারী এবং এর সঙ্গে সংঘর্ষ হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এই প্রসঙ্গে তিনি ভারতের ওপর পরমাণু হামলার হুমকিও দেন। তবে তার তুলনা শেষ পর্যন্ত নিজের দেশের ভাবমূর্তিকে ছোট করে দিয়েছে বলে অনেকে মনে করছেন।

পাক সেনাপ্রধানের এই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান বেশ বিব্রত হয়েছে। এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি মুনিরের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, মুনির বোঝাতে চেয়েছেন যে ভারত হয়তো দেখতে সুন্দর এবং ঝকঝকে মার্সিডিজ, কিন্তু পাকিস্তান একটি ডাম্পার ট্রাক। তাই সংঘর্ষ হলে কার বেশি ক্ষতি হবে, তা সহজেই অনুমান করা যায়। তিনি মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষের সময় মুনিরের নেতৃত্বের প্রশংসাও করেন।

মুনিরের এই বক্তব্য প্রকাশ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ব্যাপক হাসি-তামাশা শুরু হয়েছে। তার মন্তব্যের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। একজন মন্তব্যকারী লেখেন, “প্রথমে ভেবেছিলাম মজা করছেন, কিন্তু পরে দেখলাম তিনি সত্যি বলেছেন। পাকিস্তান সত্যিই এমন একজন সেনাপ্রধানের যোগ্য।” আরেকজন এআই ব্যবহার করে ডাম্পার এবং মার্সিডিজের সংঘর্ষের ভিডিও তৈরি করে দেখিয়েছেন কী হতে পারে।

বিভিন্ন মহলের মতে, স্বরাষ্ট্রমন্ত্রী মুনিরের বক্তব্যের যতই ব্যাখ্যা দিন না কেন, তা পাকিস্তানের বর্তমান অবস্থা খুব একটা বদলাতে পারবে না। দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি এখন রীতিমতো ধুঁকছে। এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে নিজেদের শক্তিশালী প্রমাণ করার চেষ্টা আসলে বাস্তব থেকে অনেক দূরে।