AI-নোটবুকএলএম ব্যবহারে ৮টি এক্সপার্ট টিপস, জেনেনিয়ে থাকুন এগিয়ে

গুগল সম্প্রতি তাদের নতুন ভার্চুয়াল সহকারী ‘নোটবুকএলএম’ বাজারে এনেছে, যা গবেষণা, পড়াশোনা এবং বিভিন্ন প্রকল্পের জন্য একটি দারুণ টুল হিসেবে প্রমাণিত হচ্ছে। এটি ব্যবহারকারীর নোট, ডকুমেন্ট, ওয়েবসাইট এবং এমনকি ইউটিউব ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে সেগুলোকে বিশ্লেষণ এবং সংক্ষেপে সাজিয়ে দেয়, যা যেকোনো বিষয়কে গভীরভাবে বুঝতে সাহায্য করে। গুগলের নোটবুকএলএম টিমের লেখক স্টিভেন জনসন এই টুলটিকে ‘বোঝার সহায়ক’ হিসেবে বর্ণনা করেছেন।
এই নতুন টুলটি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের দেওয়া কিছু টিপস এখানে তুলে ধরা হলো:
১. সাম্প্রতিক ডকুমেন্ট দিয়ে শুরু করুন: প্রথমেই আপনার ১০টি সাম্প্রতিক ডকুমেন্ট আপলোড করে দেখুন। ডকুমেন্টগুলো এলোমেলো হলেও সমস্যা নেই। এরপর সেগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন করা শুরু করুন। এতে আপনি টুলটির কার্যকারিতা সহজেই বুঝতে পারবেন।
২. একটি ‘সবকিছুর নোটবুক’ তৈরি করুন: একটি প্রধান নোটবুক তৈরি করুন যেখানে আপনার প্রতিদিনের প্রয়োজনীয় তথ্য, অনুপ্রেরণামূলক উক্তি বা ব্যক্তিগত আইডিয়াগুলো রাখবেন। পাশাপাশি, নির্দিষ্ট বিষয়ভিত্তিক বা প্রকল্পভিত্তিক আলাদা নোটবুকও তৈরি করুন। এতে কাজ আরও গোছানো হবে।
৩. বিভিন্ন উৎস থেকে তথ্য যুক্ত করুন: অফিস বা পড়াশোনার বিভিন্ন তথ্য আলাদা ফোল্ডারে বা ট্যাবে ছড়িয়ে থাকে। নোটবুকএলএম এই সব তথ্যকে এক জায়গায় এনে একটি সংক্ষিপ্ত রূপ দেয়। যেমন, একটি প্রেজেন্টেশন বানানোর জন্য গুগল ডকস, ছবি এবং আর্টিকেল এক সাথে আপলোড করে এর সারসংক্ষেপ তৈরি করতে পারেন।
৪. সাজেস্টেড প্রশ্ন দিয়ে শুরু করুন: তথ্য আপলোড করার পর নোটবুকএলএম নিজেই কিছু সম্ভাব্য প্রশ্ন দেখাবে। এগুলো আপনাকে আরও গভীরভাবে বিষয়বস্তু বুঝতে সাহায্য করবে। এরপর আপনি নিজের পছন্দ অনুযায়ী প্রশ্ন করতে পারবেন।
৫. বিভিন্ন ফরম্যাটে তথ্য চান: নোটবুকএলএম শুধু সারাংশই দেয় না, বরং চাইলে তথ্যগুলো এফএকিউ (FAQs), টাইমলাইন, স্টাডি গাইড বা কৃত্রিম দুটি হোস্টের মধ্যে কথোপকথনের আকারেও পেতে পারেন।
৬. সৃজনশীল কাজে ব্যবহার: পড়াশোনা বা অফিসের কাজ ছাড়াও গল্প লেখা, গেম বানানো বা স্ক্রিনপ্লে তৈরির মতো সৃজনশীল কাজেও এটি ব্যবহার করা যায়। চরিত্র, প্লট বা লোকেশন সম্পর্কে প্রশ্ন করে আপনি আপনার সৃজনশীল প্রকল্পকে অনেক সহজ করতে পারেন।
৭. অডিও ওভারভিউ চালু করুন: প্রতিটি ডকুমেন্ট থেকে ‘অডিও ওভারভিউ’ তৈরি করলে আপনি একটি লাইভ কথোপকথনের মতো করে তথ্য শুনতে পারবেন। এটি আপনার লেখা সম্পর্কে মতামত পেতেও সাহায্য করবে।
৮. চ্যাট সেশন সংরক্ষণ করুন: প্রশ্ন-উত্তরের সেশন শেষে মূল বিষয়গুলো এক ক্লিকে নোটে সেভ করে রাখা যায়। ফলে পরবর্তী সময়ে সেই কাজ শুরু করতে আগের জায়গা থেকে সহজেই শুরু করা যায়।
এই টিপসগুলো অনুসরণ করলে নোটবুকএলএম ব্যবহার করে আপনি আপনার কাজকে আরও দক্ষ ও সহজ করে তুলতে পারবেন।