আশঙ্কা সত্যি করে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধের সময়সীমা বাড়লো, ভোগান্তি অব্যাহত

প্রবল বর্ষণ এবং একাধিক জায়গায় নতুন করে ধস নামার কারণে শিলিগুড়ি-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা গেল না। শুক্রবার সন্ধ্যায় রাস্তাটি খুলে দেওয়ার কথা থাকলেও ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL) নিষেধাজ্ঞা আগামী রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়িয়েছে। ফলে পর্যটক এবং স্থানীয়দের ভোগান্তি আরও দু’দিন অব্যাহত থাকবে।
গত ১২ আগস্ট প্রবল বৃষ্টিপাতের কারণে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। পাশাপাশি সেলফিদারা এবং বিরিকদারা-সহ পাহাড়ের একাধিক স্থানে ধস নামে। এর জেরে NHIDCL গত ১৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত রাস্তা বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং নতুন করে ধস নামায় সেই নিষেধাজ্ঞা আরও বাড়ানো হলো।
আগে গত সপ্তাহের বৃহস্পতিবার ৪ দিন পর একবার এই রাস্তা খোলা হয়েছিল, কিন্তু নতুন করে ধস নামায় তা আবার বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে যে, বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ। যদিও গত ২৪ ঘণ্টায় খুব বেশি বৃষ্টি হয়নি, তবুও মাঝেমধ্যে বৃষ্টি হওয়ার কারণে কাজ ব্যাহত হচ্ছে।
শিলিগুড়ি-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক এখন স্থানীয়দের কাছে এক বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েক বছরে এই রাস্তায় ধস নামা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা বর্ষাকালে যাতায়াতকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। কিছুদিন আগেও সেবক ও কালিঝোরার মাঝে রাস্তার ওপর বোল্ডার পড়ে রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে গিয়েছিল, যেখানে একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সাম্প্রতিক ধসের কারণে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় বহু পর্যটক আটকে পড়েছিলেন। সেখানে রাস্তা ভেঙে যাওয়া এবং ধস নামার ফলে সড়কপথে বের হওয়া সম্ভব হচ্ছিল না। পরে ভারতীয় সেনাবাহিনী উদ্ধারকার্যে নেমে পর্যটকদের উদ্ধার করে।