মোদী সরকারের নতুন জিএসটি সংস্কার, দু’টি স্ল্যাবে কর, কমতে পারে নিত্যপণ্যের দাম

ভারতের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে মোদী সরকার। সম্প্রতি স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন যে, আসন্ন দীপাবলির আগেই ‘নেক্সট-জেনারেশন জিএসটি ২.০’ কার্যকর করা হবে। এর মূল উদ্দেশ্য হলো কর ব্যবস্থাকে আরও সহজ করা এবং সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো।

অর্থমন্ত্রকের সূত্র অনুযায়ী, কেন্দ্র বর্তমান চার-স্তরের জিএসটি কাঠামোকে ভেঙে দুটি প্রধান স্ল্যাবে নিয়ে আসার প্রস্তাব করেছে— ৫% এবং ১৮%। এই নতুন কাঠামোয় সাধারণ মানুষের ব্যবহৃত বেশিরভাগ পণ্য ৫% স্ল্যাবের অধীনে থাকবে। এর ফলে, বর্তমানে ১২% করের আওতায় থাকা ৯৯% পণ্যের দাম কমবে। একইভাবে, ২৮% স্ল্যাবের অন্তর্ভুক্ত প্রায় ৯০% পণ্য ১৮% স্ল্যাবে স্থানান্তরিত হবে, যা কিছু বিলাসবহুল পণ্যের দামও কমাতে পারে।

সরকারের এই পরিকল্পনার পেছনে মূল লক্ষ্য হলো অর্থনীতিকে আরও চাঙ্গা করা। করের বোঝা কমলে পণ্যের দাম কমবে, যা চাহিদা বাড়াতে সাহায্য করবে। এর পাশাপাশি, মদ, তামাক, নরম পানীয়, ফাস্টফুড এবং কফি-এর মতো ‘সিন গুডস’ বা ক্ষতিকর পণ্যের ওপর সর্বোচ্চ ৪০% কর ধার্য করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাষণে বলেছেন, “এই জিএসটি সংস্কার করের বোঝা উল্লেখযোগ্যভাবে কমাবে এবং ক্ষুদ্র শিল্পকে উপকৃত করবে।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো জীবনযাত্রার সহজতা বাড়ানো।”

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে জিএসটি কাউন্সিল সেপ্টেম্বরের বৈঠকে এই নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। জিএসটি কাউন্সিলের সুপারিশগুলো দ্রুত কার্যকর করার জন্য সরকার চেষ্টা করবে, যাতে দীপাবলির আগেই এই নতুন কর ব্যবস্থা চালু করা যায়।