অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে অভিযোগকারীই আটক, শুটিংয়ে অশান্তি করার অভিযোগ পুলিশের

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক অরিজিৎ সিং এবং তার দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগকারী কমলাকান্ত লাহাকেই আটক করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, শুটিংয়ের স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় ১৪ আগস্ট, যখন শান্তিনিকেতনের সুভাষপল্লীর বাসিন্দা কমলাকান্ত লাহা অরিজিৎ সিং এবং তার দেহরক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। কমলাকান্তবাবু অভিযোগ করেছিলেন যে, শান্তিনিকেতনের তালতোর এলাকায় অরিজিৎ সিংয়ের একটি ছবির শুটিং চলার সময় রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। তিনি তার কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তা পার হতে চাইলে দেহরক্ষীরা তাকে বাধা দেন এবং হেনস্তা করেন। তার হাত মচকে দেওয়া হয়েছিল এবং তাকে জোর করে দূরে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানিয়েছেন, “শুটিংয়ের জায়গায় ঝামেলা করার একটি অভিযোগ আমরা পেয়েছি। তাই কমলাকান্ত লাহাকে আটক করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে, ১৫ আগস্ট শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর রাতেই অরিজিৎ সিংয়ের শুটিংয়ের দায়িত্বে থাকা দুজন ব্যক্তি কমলাকান্ত লাহার বাড়িতে যান। অভিযোগ প্রত্যাহারের জন্য তারা বিভিন্নভাবে অনুরোধ করেন বলে জানা যায়, কিন্তু কমলাকান্ত লাহা তাতে রাজি হননি। এর পরই পুলিশ অভিযোগকারীকেই আটক করে। জানা গেছে, কোপাই নদীর তীরে মহিষঢাল গ্রামে অরিজিৎ সিংয়ের শুটিং চলছিল, যেখানে কমলাকান্ত লাহা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন, এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে আটক করেছে।

অরিজিৎ সিংয়ের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন শিল্পীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছিল। এর মধ্যে অভিযোগকারীকেই আটক করার ঘটনা পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।