মহাকাশ থেকে পৃথিবীতে, এবার দেশে ফিরছেন শুভাংশু শুক্লা! আবেগঘন পোস্টে লিখলেন নিজের মনের কথা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ ১৮ দিনের ঐতিহাসিক মিশন শেষ করে মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এখন নিজের দেশ ভারতে ফেরার পথে। বিমানে বসে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি, যেখানে নিজের অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, “আমি ভারতে ফিরে আসছি।”
‘একসঙ্গে অনেকগুলো অনুভূতি কাজ করছে’
শুভাংশু তার পোস্টে লিখেছেন, “ভারতে ফেরার বিমানে বসে আমার মনে একই সাথে অনেকগুলো অনুভূতি কাজ করছে। দুঃখ হচ্ছে সেই সব অসাধারণ মানুষদের ছেড়ে আসতে যারা গত এক বছরে এই মিশনে আমার পরিবার ও বন্ধু ছিলেন। আবার একই সঙ্গে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এবার আমি প্রথমবার মিশনের পর দেশে ফিরে আমার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারব। মনে হচ্ছে, এটাই আসলে জীবন, সবকিছু একসঙ্গে পাওয়া।”
তিনি আরও বলেন, এই মিশনের সময় তিনি প্রচুর ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। সবার সঙ্গে তার মহাকাশ অভিজ্ঞতার কথা ভাগ করে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বদলে যাওয়া জীবন এবং গগনযান মিশনের দিশা
শুভাংশু শুক্লা তার কমান্ডার পেগি হুইটসনের কথা উল্লেখ করে বলেছেন, “জীবন মানেই এগিয়ে চলা। স্পেসফ্লাইটে একমাত্র ধ্রুবক জিনিস হলো পরিবর্তন, এবং জীবনের ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য।” তিনি তার পোস্টের শেষে শাহরুখ খানের ‘স্বদেশ’ সিনেমার জনপ্রিয় গান “ইউ হি চলা চল রাহি…” থেকে একটি লাইন উদ্ধৃত করে লিখেছেন, “শেষমেশ বলতে হয়, ইউঁ হি চলা চল রহি, জীবন গাড়ি হ্যায় সময় পাহিয়া।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে জানিয়েছিলেন, শিগগিরই শুভাংশু দেশে ফিরবেন। তাকে প্রশিক্ষণ ও আইএসএস মিশনের প্রতিটি মুহূর্ত নথিবদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যা ভবিষ্যতের গগনযান মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘হ্যান্ডবুক’ হিসেবে কাজ করবে।
লখনউয়ের ছেলে শুভাংশু গত এক বছরে নাসা, অ্যাক্সিওম এবং স্পেসএক্স-এর বিভিন্ন কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। তার এই মহাকাশযাত্রা শুধু তার ব্যক্তিগত জীবনের সাফল্য নয়, বরং ভারতের ভবিষ্যৎ মানব মহাকাশ অভিযানের প্রস্তুতির ক্ষেত্রেও একটি বড় মাইলফলক। ভারতের গগনযান মিশনের লক্ষ্য হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে গগনযাত্রীদের মহাকাশে পাঠানো। সরকার ২০৩৫ সালের মধ্যে ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপন এবং ২০৪০ সালের মধ্যে চন্দ্রাভিযানে ভারতীয় মহাকাশচারী পাঠানোরও পরিকল্পনা করেছে।