GST-কাঠামোতে হবে আমূল পরিবর্তন, জেনেনিন কোন কোন পণ্যের দাম বাড়তে পারে?

দেশের করব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘এবার দিওয়ালি হবে ডবল দিওয়ালি’। সরকারের এই ইঙ্গিতে জিএসটির (পণ্য ও পরিষেবা কর) মূল কাঠামোয় বড় পরিবর্তনের জল্পনা শুরু হয়েছে। বর্তমানে যে ১২ শতাংশ এবং ২৮ শতাংশের কর স্ল্যাব চালু আছে, তা তুলে দিয়ে ৫ শতাংশ এবং ১৮ শতাংশের নতুন স্ল্যাব আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
নতুন করকাঠামো ও তার প্রভাব:
সরকারি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন কাঠামোয় ২৮ শতাংশ স্ল্যাবের অধীনে থাকা প্রায় ৯০ শতাংশ পণ্যের করহার ১৮ শতাংশে নামিয়ে আনা হবে। একইভাবে, ১২ শতাংশ করহারের আওতায় থাকা পণ্যগুলোকে নতুন ৫ শতাংশের স্ল্যাবে নিয়ে আসা হবে। এই পরিবর্তন হলে অনেক নিত্যপ্রয়োজনীয় এবং ব্যবহৃত পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। এতে কৃষি, গাড়ি, বস্ত্রশিল্প, স্বাস্থ্য, হস্তশিল্প এবং বিমা, পরিবহন ও নির্মাণ খাতের মতো বিভিন্ন সেক্টরের মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
তবে একই সঙ্গে কিছু নির্দিষ্ট পণ্যের ওপর করের হার ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এই তালিকায় ‘সিন গুডস’ বা ক্ষতিকর পণ্য হিসেবে বিবেচিত তামাক এবং পানমশলা জাতীয় পণ্য রয়েছে। মূল্যবান রত্ন এবং পেট্রোলিয়ামের মতো কিছু পণ্যের ক্ষেত্রে অবশ্য পূর্বের করহারই বজায় থাকবে বলে জানা গেছে।
নতুন করকাঠামো চালু হলে সরকারের রাজস্ব সংগ্রহে সাময়িক প্রভাব পড়তে পারে। তবে এর ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে। এই সংস্কারের খসড়া প্রস্তাবটি মন্ত্রিসভা গোষ্ঠীর কাছে পাঠানো হয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, যেখানে এই প্রস্তাবগুলো চূড়ান্ত আলোচনা করা হবে।