ফ্ল্যাটে ডেকে মাথায় বন্দুক ঠেকিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার হলেন গিটার শিক্ষক

মহারাষ্ট্রের নাগপুরে এক ১৭ বছর বয়সী কিশোরীকে ভয় দেখিয়ে নিজের ফ্ল্যাটে ডেকে এনে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক গিটার শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত সাগর সিং ওরফে রাজুভাও, যিনি বিবাহিত, তার বিরুদ্ধে বন্দুক ও ধারালো অস্ত্র দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ এনেছে ভুক্তভোগী। প্রায় দুই মাস ধরে এই অত্যাচারের পর অবশেষে কিশোরী তার মাকে ঘটনাটি জানায়, যার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে অভিযুক্তের গিটার ক্লাসে ভর্তি হয়েছিল ওই নাবালিকা। অভিযোগ অনুযায়ী, ক্লাসের মধ্যেই বিভিন্ন অজুহাতে শিক্ষক কিশোরীর গায়ে হাত দিতেন। এক পর্যায়ে কিশোরী তার জিনিসপত্র ফেলেই ক্লাস থেকে বাড়ি চলে যায়।
এরপর গত ২৩ জুলাই অভিযুক্ত শিক্ষক নাবালিকাকে ফোন করে তার ফ্ল্যাটে আসতে বলেন। অভিযোগ, কিশোরী রাজি না হলে তার বাবা-মাকে খুনের হুমকি দেওয়া হয়। ফ্ল্যাটে পৌঁছানোর পর শিক্ষকের বিরুদ্ধে নাবালিকার মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর বেশ কয়েকবার একই ঘটনা ঘটে বলে জানা গেছে। গত ১২ অগাস্ট অভিযুক্ত আবারও কিশোরীকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। এরপর আর সহ্য করতে না পেরে নাবালিকা তার পরিবারের কাছে সব খুলে বলে।
পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গেই সোনেগাও থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনে মামলা রুজু করে দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্ত শিক্ষক সাগর সিংকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।