ডুরান্ড কাপে মোহনবাগানের কাছে হেরেও ডায়মন্ড হারবার এফসি-র কোয়ার্টার ফাইনালে জায়গা

ডুরান্ড কাপের (Durand Cup 2025) ইতিহাসে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। গ্রপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর শেষ ম্যাচে মোহনবাগানের কাছে ৫-১ গোলে হারলেও, গোল পার্থক্যের ভিত্তিতে তারা শেষ আটে জায়গা করে নিয়েছে। আগামী ১৭ আগস্ট জামশেদপুরে শক্তিশালী জামশেদপুর এফসি’র মুখোমুখি হবে কিবু ভিকুনার শিষ্যরা।
প্রস্তুতি নিয়ে কোচ ভিকুনা:
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিয়ে কথা বলেন কোচ কিবু ভিকুনা। তিনি জানান, মোহনবাগানের বিরুদ্ধে খেলার পর থেকেই তারা পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছেন। কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা নিশ্চিত হওয়ার পর থেকে তারা জামশেদপুরের বিপক্ষে ম্যাচের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করছেন। তবে দলের গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার ক্লেটন সিলভেইরা ইনজুরির কারণে আগামী ম্যাচে খেলতে পারবেন না বলে তিনি নিশ্চিত করেন। ক্লেটনের অনুপস্থিতি দলের জন্য একটি বড় ধাক্কা বলে তিনি মনে করেন।
মানসিক অবস্থা এবং দুর্বলতা:
মোহনবাগানের কাছে বড় ব্যবধানে হারের পর দলের মানসিক অবস্থা প্রসঙ্গে কোচ বলেন, “এটা শুধুই একটা ফুটবল ম্যাচ। টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর এই হারে আমরা ব্যথিত, কিন্তু ফুটবলে এমন হতেই পারে।” তিনি আরও বলেন, তাদের সামনে এখন দারুণ সুযোগ আছে এবং জামশেদপুরের মতো একটি আইএসএল ক্লাবের বিরুদ্ধে তাদের সেরাটা খেলতে হবে। আক্রমণভাগের দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা ১১টি গোল করেছি, তাই কোয়ালিফাই করেছি… তবে হ্যাঁ, রক্ষণে উন্নতি দরকার। শুধুমাত্র ডিফেন্ডার নয়, গোটা দলকে রক্ষণে আরও শক্ত হতে হবে।”
খালিদ জামিলের পরিবর্তে স্টিফেন ডায়াস:
জামশেদপুর এফসি’র কোচ পরিবর্তনের বিষয়ে ভিকুনা বলেন, “নতুন কোচ মানেই নতুন অনিশ্চয়তা। তারা একই কৌশলে খেলবে কিনা বলা কঠিন।” তবে তারা প্রতিপক্ষের কৌশল নিয়ে বেশি চিন্তা না করে নিজেদের খেলা ও পরিকল্পনার উপরই বেশি মনোযোগ দিচ্ছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত হোলিচরণ নার্জারি জানান, দলের লক্ষ্য একটাই—ফাইনালে পৌঁছানো। তিনি বলেন, “আমরা কোয়ালিফাই করেছি, এটাই বড় কথা। কোচের পরিকল্পনা অনুযায়ী খেললে চাপ আসবে না।”