“এবার ২৬-এ হবে উল্টো খেলা”- স্বাধীনতা দিবসে ঘাটাল থেকে মমতাকে নিশানা শুভেন্দুর

স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ঘাটালে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এবার ২৬-এ উল্টো খেলা হবে।”
বিরোধী দলনেতা বলেন, “দিদি বলছেন খেলা হবে, কিন্তু তার আগে এসআইআর-এর খেলাটা সামলাক।” এসআইআর (Special Intensive Revision) অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কথা উল্লেখ করে তিনি তৃণমূলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন।
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আমি বলতে চাই, উনি আগে এসআইআর-এর খেলাটা সামলাক। আগামীতে বাংলার মানুষ এর জবাব দেবে।” তার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।
শুভেন্দু অধিকারীর এই আক্রমণটি এমন এক সময়ে এল, যখন রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। তার মন্তব্য থেকে স্পষ্ট যে, আগামী নির্বাচনে বিজেপি ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রধান ইস্যু করতে চাইছে।