দেখা মিলল দেশ নেতার ‘ফিরে এলেন নেতাজি’-আলিপুর জেল মিউজিয়ামে মুগ্ধ দর্শক

স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস কিংবা নেতাজি জয়ন্তী— এই বিশেষ দিনগুলিতে আলিপুরের জেল মিউজিয়ামে গেলে দর্শকরা প্রায়শই নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেখা পান। না, তিনি আসল নেতাজি নন, বরং তার মতোই দেখতে একজন মানুষ, যিনি নেতাজির বেশে ঘুরে বেড়ান। তিনি হলেন গৌরব সিনহা, পেশায় একজন অভিনেতা ও মডেল।
বেহালার বাসিন্দা গৌরব সিনহা নেতাজির মতো পোশাক পরে মিউজিয়ামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে বেড়ান। তার এই সাজ দেখে দর্শকরা প্রথমে চমকে উঠলেও, পরে তার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করেন। গৌরবও হাসি মুখে সবার সঙ্গে ছবি তোলেন।
গৌরব জানান, প্রতি বছর এই বিশেষ দিনগুলোতে তিনি নেতাজির সাজে সেজে বাড়ি থেকে বের হন। তিনি বলেন, “অনেকে এগিয়ে এসে কথা বলেন, ছবি তোলেন। খুব ভালো লাগে। মনে হয় যেন বীর নায়কের আশীর্বাদ পাচ্ছি।” গৌরব আরও বলেন, “দেব দা’র মতো মানুষ হয় না। যিনি কোনো অনামী শিল্পীকে এভাবে সম্মান দিতে পারেন।”
কিছুদিন আগে অভিনেতা দেবের ‘বাঘাযতীন’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও নেতাজির বেশে হাজির ছিলেন গৌরব। সেই অনুষ্ঠানে দেব তাকে মঞ্চে ডেকে নিয়ে সম্মান জানিয়েছিলেন।
গৌরব জানান, হাজরা রোডের সুজাতা সদনে একবার নেতাজির ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। সেই সাজে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে কাজ শেষেও তিনি পোশাকটি পাল্টাননি, বরং সেভাবেই বাড়ি ফিরেছিলেন। তার বিশ্বাস, একজন শিল্পীর কোনোদিন লজ্জা থাকা উচিত নয়।