সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল একাধিক মূল্যবান জিনিস ?

স্বাধীনতা দিবসের দিনেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পদ্মশ্রীপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর পৈতৃক বাড়িতে। হিন্দমোটরের দেবাইপুকুর রোডে অবস্থিত তার আদি বাড়ি থেকে সাঁতারে জেতা সমস্ত পদক ও স্মারক চুরি হয়ে গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, বুলা চৌধুরী এবং তার পরিবার এই বাড়িতে নিয়মিত থাকেন না। বাড়িটি বেশিরভাগ সময়েই ফাঁকা থাকে। এই সুযোগেই চোরেরা হানা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুলা চৌধুরীর ভাই মিলন বাড়িটি দেখাশোনা করেন। পুজোর আগে বাড়ি পরিষ্কার করানোর জন্য তিনি সেখানে গেলে দেখেন পিছনের গেট ভাঙা। এরপর ভিতরে ঢুকে তিনি চুরির ঘটনাটি দেখতে পান।

চুরি যাওয়া জিনিসের মধ্যে রয়েছে বুলা চৌধুরীর সারাজীবনের কঠোর পরিশ্রমের ফল—তাঁর জেতা সমস্ত পদক এবং স্মারক। এছাড়াও বাথরুমের কল এবং ঠাকুরঘরের আসবাবপত্রও চোরেরা নিয়ে গেছে। তবে তার পদ্মশ্রী পুরস্কারটি কলকাতার ফ্ল্যাটে থাকায় তা রক্ষা পেয়েছে। খবর পেয়ে বুলা চৌধুরী দ্রুত কলকাতা থেকে হিন্দমোটরের উদ্দেশে রওনা দিয়েছেন। সারাজীবনের সঞ্চিত পদকগুলো হারিয়ে তিনি অত্যন্ত ভারাক্রান্ত।

এর আগেও প্রায় ৫-৬ বছর আগে এই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল, তবে সেবার পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া সমস্ত জিনিস উদ্ধার হয়েছিল। দেবাইপুকুরেই তার সাঁতার জীবনের হাতেখড়ি হয়েছিল। এলাকার একজন বিশিষ্ট ব্যক্তিত্বের বাড়িতে এমন চুরির খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। উত্তরপাড়া থানায় এই ঘটনায় চুরির মামলা রুজু হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।