“লোকে নাকি বলে, রঘু মা কালীর ব্যাটা…!”পুজোয় বড় পর্দায় আসছে ‘রঘু ডাকাত’, দেখুন টিজার

বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’-এর টিজার প্রকাশ্যে এসেছে স্বাধীনতা দিবসে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় দেব অভিনীত এই ছবিতে অভিনেতা-সাংসদকে দেখা যাবে এক নতুন অবতারে। লম্বা উস্কোখুস্কো চুল, মুখে ভর্তি দাড়ি, হাতে ধারালো অস্ত্র আর চোখে প্রতিশোধের আগুন নিয়ে তিনি হাজির হয়েছেন রঘু ডাকাত রূপে। টিজারেই ছবির মারকাটারি অ্যাকশন এবং টানটান উত্তেজনা দর্শকদের মন জয় করে নিয়েছে।

টিজারের শুরুতেই দেবের কণ্ঠে শোনা যায়, “লোকে নাকি বলে, রঘু মা কালীর ব্যাটা…”। এই সংলাপ থেকেই বোঝা যায়, রঘু একজন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা মসিহা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার বিদ্রোহ আর প্রতিশোধের স্পৃহা টিজারে স্পষ্টভাবে ফুটে উঠেছে। রক্তমাখা খড়্গ হাতে দেবের হুঙ্কার, “গরিবের রক্ত মাখা বন্ধ কর। আজকে শুধু চাবুক পড়েছে। এরপর রঘুর থাবা পড়বে”, দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। টিজার থেকে অনুমান করা যায়, এই ছবিতেও দেবের অন্যান্য সফল ছবির মতো জনপ্রিয় গান থাকবে, যা পুজোর সময়ে দর্শকদের বাড়তি পাওনা হবে।

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে দেব ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওম সাহানি (দুর্লভ রায়), রূপা গঙ্গোপাধ্যায় (ডাকাত মা), সোহিনী সরকার (গুঞ্জা) এবং ইধিকা পাল (সৌদামিনী)। তবে টিজারে সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে অনির্বাণ ভট্টাচার্য। খলনায়ক অহিন্দ্র বর্মনের চরিত্রে তাকে সম্পূর্ণ ভিন্ন এক লুকে দেখা যাবে, যা এর আগে দর্শক কখনও দেখেননি।

চার বছর আগে প্রথমবার ‘রঘু ডাকাত’-এর কথা শোনা গেলেও, বিভিন্ন কারণে ছবির শ্যুটিং পিছিয়ে গিয়েছিল। এবার এসভিএফ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় এই ছবিটি ২০২৫ সালের দুর্গা পুজোয় মুক্তি পাবে। অষ্টাদশ শতাব্দীর প্রেক্ষাপটে তৈরি এই কাল্পনিক গল্পটি বাংলার সাধারণ মানুষের ওপর নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে এক বীরের লড়াইকে তুলে ধরবে। ‘গোলন্দাজ’-এর সাফল্যের পর ধ্রুব-দেব জুটির এই নতুন ছবিতে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।