চায়ে চুমুক দিয়েই অসুস্থ শাশুড়ি সহ ৩ প্রতিবেশী! পুত্রবধূর কীর্তি দেখে শিউরে উঠল কালিয়াগঞ্জ, গ্রেফতার দম্পতি

স্বাধীনতা দিবসের সকালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুত্রবধূ শাশুড়ি ও তিন প্রতিবেশীর চায়ে বিষ মিশিয়ে দেওয়ায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এই ঘটনায় পুলিশ ওই পুত্রবধূ এবং তার স্বামী অর্থাৎ শাশুড়ির ছেলেকেও গ্রেফতার করেছে।

কী ঘটেছিল
আজ সকালে কালিয়াগঞ্জের মিলনপাড়ার বাসিন্দা রিতা দাসের বাড়িতে তিন প্রতিবেশী চা খেতে এসেছিলেন। চা পানের পরই হঠাৎ তাঁরা অসুস্থ বোধ করতে শুরু করেন। বমি ও অন্যান্য সমস্যা শুরু হওয়ায় দ্রুত তাঁদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। একই চা পান করায় শাশুড়ি রিতাও অসুস্থ হয়ে পড়েছেন।

ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে চায়ে বিষ মেশানোর সন্দেহ হয়। এরপর রিতা দাসের ছেলে ও পুত্রবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে পুত্রবধূ স্বীকার করে নেয় যে, সে চায়ে বিষ মিশিয়েছিল এবং তার স্বামীও এই বিষয়ে জানত। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ বাড়ি থেকে বিষও উদ্ধার করে। এই ঘটনার পর দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। ঠিক কী কারণে তারা এমন ঘটনা ঘটাল, তা জানতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।