মুক্তির আগেই বিপাকে ‘পরম সুন্দরী’, গির্জায় ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য দেখে আইনি নোটিশ পাঠাল খ্রিষ্টান গোষ্ঠী

আগামী ২৯ আগস্ট মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘পরম সুন্দরী’। তবে মুক্তির আগেই ছবিটি বিতর্কের মুখে পড়েছে। একটি দৃশ্যে গির্জার মধ্যে অন্তরঙ্গতা দেখানোর অভিযোগে ছবিটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে একটি খ্রিস্টান গোষ্ঠী।

ওয়াচডগ ফাউন্ডেশন নামের একটি খ্রিস্টান গোষ্ঠী ছবিটির রোমান্টিক দৃশ্য দেখে নির্মাতাদের তীব্র নিন্দা করেছে। মিড-ডে-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওই গোষ্ঠীটি সিনেমা থেকে বিতর্কিত দৃশ্যটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছে। তারা সেন্ট্রাল বোর্ড অফ ফ্লিম সার্টিফিকেশন (CBFC), মুম্বাই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং মহারাষ্ট্র সরকারকে এ বিষয়ে চিঠিও পাঠিয়েছে।

ওয়াচডগ ফাউন্ডেশনের আইনজীবী গডফ্রে পিমেন্টা বলেন, “গির্জা খ্রিস্টানদের জন্য একটি পবিত্র উপাসনালয়। এটিকে অশ্লীলতার মঞ্চ হিসাবে দেখানো উচিত নয়।” তিনি আরও বলেন, এই ধরনের চিত্রায়ন কেবল উপাসনালয়ের পবিত্রতাকেই অসম্মান করে না, বরং ক্যাথলিক সম্প্রদায়ের অনুভূতিতেও আঘাত করে। যদি দৃশ্যটি অপসারণ করা না হয়, তাহলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

‘পরম সুন্দরী’ ছবিতে সিদ্ধার্থ একজন দিল্লির ছেলে এবং জাহ্নবী একজন কেরালার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। দুই ভিন্ন ধর্মের মানুষের প্রেম কাহিনী এই ছবির মূল বিষয়। সিদ্ধার্থ ও জাহ্নবী ছাড়াও এই ছবিতে রাজীব খান্ডেলওয়াল এবং আকাশ দাহিয়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।