UPI-এ বড় বদল! জালিয়াতি রুখতে বন্ধ হতে চলেছে এই পরিষেবা, বিস্তারে জানুন ঘটনা

ভারতে ডিজিটাল পেমেন্টের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম UPI (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস)-এর ব্যবহারকারীদের সুরক্ষায় বড় পদক্ষেপ নিতে চলেছে NPCI (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া)। ১ অক্টোবর থেকে ‘পিয়ার টু পিয়ার’ বা ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে টাকা চাওয়ার (কালেক্ট-রিকোয়েস্ট) পরিষেবাটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই নতুন নিয়ম কার্যকর করার জন্য ব্যাঙ্ক এবং পেমেন্ট অ্যাপগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
জালিয়াতি রুখতে নতুন নিয়ম
এই পদক্ষেপটি মূলত UPI-ভিত্তিক ডিজিটাল জালিয়াতি ঠেকাতে নেওয়া হয়েছে। এতদিন ধরে জালিয়াতরা এই ‘মানি রিকোয়েস্ট’ ফিচারের অপব্যবহার করত। তারা ভুয়ো রিকোয়েস্ট পাঠিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করত, এবং কোনো ব্যবহারকারী ভুলবশত সেই রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করলে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যেত। এই ধরনের জালিয়াতি কমাতে আগেই রিকোয়েস্টের সর্বোচ্চ মূল্য ২ হাজার টাকা করা হয়েছিল। কিন্তু এবার সম্পূর্ণভাবে এই লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যক্তিগত লেনদেন বন্ধ, মার্চেন্ট লেনদেন চালু
নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত ইউপিআই অ্যাকাউন্টের মধ্যে আর এই ধরনের রিকোয়েস্টের মাধ্যমে টাকা লেনদেন করা যাবে না। তবে, মার্চেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এই পরিষেবা চালু থাকবে। কোনো গ্রাহক যখন কোনো ই-কমার্স সাইট বা অ্যাপে পেমেন্ট করেন, তখন এই ‘কালেক্ট’ ফিচারের মাধ্যমেই সেই সংস্থা পেমেন্ট গ্রহণ করে থাকে। এই পরিবর্তন ডিজিটাল পেমেন্টকে আরও বেশি নিরাপদ করবে বলে আশা করা হচ্ছে।