লালকেল্লার আকাশে উড়ল Mi-17! অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন মোদীর, ছড়িয়ে পড়ল ফুলের পাপড়ি

আজ, ৭৯তম স্বাধীনতা দিবসের ৭৮ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ২০১৪ সাল থেকে টানা ১২ বার লালকেল্লায় ভাষণ দিয়ে তিনি একটি নতুন রেকর্ড স্থাপন করেছেন। এবারের স্বাধীনতা দিবসের মূল থিম ছিল ‘নয়া ভারত’, এবং এর সঙ্গে উদযাপিত হয়েছে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য।
অপারেশন সিঁদুরের বিশেষ উদযাপন
এবারের স্বাধীনতা দিবসের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindur)। ভারতীয় বিমান বাহিনী বিশেষ ফ্লাইপাস্টের মাধ্যমে এর সাফল্য উদযাপন করে। উইং কমান্ডার বিনয় পুনিয়া এবং আদিত্য জয়সওয়ালের নেতৃত্বে দুটি এমআই ১৭ (MI 17) বিমান লালকেল্লার আকাশ দিয়ে উড়ে যায়। একটি বিমানে জাতীয় পতাকা এবং অন্যটিতে ‘অপারেশন সিঁদুর’-এর লোগো ছিল। দুটি বিমান থেকেই উপস্থিত দর্শকদের ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর ভাষণ ও সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা
জাতির উদ্দেশে ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী মোদী ‘অপারেশন সিঁদুর’-এর জয়গান করেন। তিনি বলেন, ভারতীয় সেনারা শত্রুদের কল্পনাতীত সাজা দিয়েছে এবং সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। সন্ত্রাসবাদ প্রসঙ্গে তিনি বলেন, “সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের লালন-পালনকারীদের, আমরা এবার আলাদা আলাদা মোটেই ভাবব না।” তিনি আরও বলেন, ভারত আর পরমাণু হামলার হুমকি মেনে নেবে না এবং সন্ত্রাসবাদ জারি থাকলে সেনাবাহিনীই এর কঠোর জবাব দেবে।
সুরক্ষার কড়া ব্যবস্থা
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, ১০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী এবং ৩ হাজার ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজার, মেট্রো স্টেশন এবং জনবহুল এলাকায় টহল বাড়ানো হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।