আপনার বাইকেও কান ফাটানো সাইলেন্সার লাগিয়েছেন..? তাহলে সাবধান হয়ে যান, শব্দদূষণ রুখতে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপ

আপনার মোটর বাইকের সাইলেন্সার কি কান ফাটানো আওয়াজ করে? তাহলে সাবধান হন। কারণ শব্দ দূষণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে মুর্শিদাবাদ ট্রাফিক পুলিশ। বেআইনিভাবে উচ্চ শব্দের সাইলেন্সার লাগানো বাইকগুলোকে চিহ্নিত করে সেগুলো থেকে সাইলেন্সার খুলে ফেলা হচ্ছে।

হরিহরপাড়া থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে একটি পালসার NS মোটর বাইক আটক করে। দেখা যায়, বাইকটি থেকে তীব্র বিকট শব্দ বের হচ্ছে, যা পথচারীদের জন্য অত্যন্ত বিরক্তিকর। পুলিশ সঙ্গে সঙ্গে বাইকটির চালককে জরিমানা করে এবং একজন মেকানিককে ডেকে সেই বেআইনি সাইলেন্সারটি খুলে সাধারণ সাইলেন্সার লাগিয়ে দেয়।

পুলিশের এই পদক্ষেপের ফলে একদিকে যেমন শব্দ দূষণ কমবে, তেমনি মোটরসাইকেল চালকদের মধ্যেও সচেতনতা বাড়বে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের বাইকগুলো আটক করে চালকদের শব্দ দূষণের কুফল সম্পর্কে বোঝানো হচ্ছে। স্থানীয় মেকানিকদের সহায়তায় বেআইনি সাইলেন্সারগুলো খুলে ফেলার কাজ চলছে। পুলিশের এই উদ্যোগ এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।