Weather: রাজ্যজুড়ে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, জেনেনিন কোন কোন জেলায় ঘটবে দুর্যোগ?

আবারও সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ, যার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে চলছে লাগাতার বৃষ্টির পূর্বাভাস। স্বাধীনতা দিবসের দিনও রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে গুমোট আবহাওয়া থাকলেও, আকাশে মেঘ জমতে শুরু করেছে।

আবহাওয়াবিদদের মতে, এই নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী দু’-তিন দিন রাজ্যের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে।

১৫ই অগাস্টের বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবস, অর্থাৎ আজ, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ গোটা দক্ষিণবঙ্গেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।