বাবা রাজমিস্ত্রি, বাঁকুড়ায় কিশোরের হাতে জাতীয় পদক, অলিম্পিকের স্বপ্নে তুফান!

বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের পাটপুর গ্রামের ১৩ বছর বয়সী তুফান ঘোষ এখন জেলার নতুন গর্ব। এক রাজমিস্ত্রি বাবার সন্তান হয়েও জিমন্যাস্টিকসে জাতীয় স্তরে সাফল্য এনেছে এই কিশোর। সম্প্রতি উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত অ্যাক্রোবেটিক ট্রাম্পোলাইন অ্যান্ড ট্রাম্বলিং জিমন্যাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২০২৫-এ সে দ্বিতীয় স্থান অধিকার করে একটি রৌপ্য পদক জয় করেছে।
জিমন্যাস্টিকসের পথে তুফানের যাত্রা
মাত্র তিন বছর বয়সে জিমন্যাস্টিকসের জগতে পা রেখেছিল তুফান। জয়রামবাটীর কোতুলপুর বিবেকানন্দ যোগাশ্রম থেকে তার প্রশিক্ষণ শুরু হয়। সেখানে তার প্রথম শিক্ষক ছিলেন রাখহরি ঘোষ, সৌভিক রায় এবং রিম্পা মণ্ডল। এরপর দক্ষতা বৃদ্ধির জন্য সে উত্তরপাড়া জিমনাসিয়ামে কোচ মনোজ নস্কর ও অর্কদীপ্ত মাখালের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিতে শুরু করে। তাদেরই পরামর্শ ও আশীর্বাদে তুফান সাব-জুনিয়র গ্রুপে ট্রাম্বলিং ইভেন্টে এই অসাধারণ সাফল্য অর্জন করে।
পরিবার ও গ্রামবাসীর গর্ব
তুফান বাড়ি ফিরতেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পুষ্পস্তবক, ফুলের মালা এবং মিষ্টিমুখ করিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। এই সাফল্যের জন্য তার রাজমিস্ত্রি বাবা এবং পরিবারের গর্বে বুক ভরে উঠেছে। তুফান এখন জয়রামবাটীর মানুষের কাছে অনুপ্রেরণা। তার প্রশিক্ষক এবং বন্ধুরা তার সাফল্যে অত্যন্ত আনন্দিত।
ভবিষ্যতে তুফানের লক্ষ্য আরও বড়। সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চায় এবং সেখান থেকে অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে। তার এই স্বপ্ন পূরণের জন্য সবাই তাকে শুভকামনা জানিয়েছে।