“২০২৫ সালেই বাজারে আসবে…?”-লালকেল্লা থেকে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী

৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেমিকন্ডাক্টর খাতের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। লালকেল্লা থেকে তিনি ঘোষণা করেন, ২০২৫ সালের মধ্যেই ‘মেড ইন ইন্ডিয়া’ চিপ বাজারে আসবে। একবিংশ শতককে ‘প্রযুক্তি নির্ভর সময়কাল’ হিসেবে উল্লেখ করে, তিনি প্রযুক্তি ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতা বাড়ানোর আহ্বান জানান।
সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রিসভা চারটি নতুন সেমিকন্ডাক্টর প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার জন্য ৪ হাজার ৫৯৪ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই প্রকল্পগুলি ‘ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন’-এর অধীনে বাস্তবায়িত হবে। এর মধ্যে দুটি প্রকল্প ওড়িশার ভুবনেশ্বরে, একটি পাঞ্জাবে এবং আরেকটি অন্ধ্র প্রদেশে গড়ে তোলা হবে।
এই নতুন চারটি প্রকল্পের পাশাপাশি দেশে আরও ছয়টি সেমিকন্ডাক্টর প্রকল্প চলছে। সব মিলিয়ে মোট দশটি প্রকল্পের জন্য প্রায় ১.৬০ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে। এই সমস্ত প্রকল্পের ফলে ২,০০০-এর বেশি দক্ষ পেশাদার সরাসরি কর্মসংস্থান পাবেন, এবং পরোক্ষভাবে আরও হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সেমিকন্ডাক্টর চিপ আধুনিক প্রযুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। টেলিকম, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্যে এটি অপরিহার্য। এই গুরুত্বপূর্ণ প্রযুক্তির জন্য অন্য দেশের উপর নির্ভরতা কমাতে ভারত সরকার দেশেই চিপ উৎপাদনে জোর দিচ্ছে। প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসের ভাষণে এই উদ্যোগের গুরুত্ব আরও একবার তুলে ধরেন।