গভীর রাতে মেট্রোর সুড়ঙ্গের মধ্যে উদ্ধার এক যুবকের নিথর দেহ, কিভাবে হল মৃত্যু? দানা বাঁধছে রহস্য!

গভীর রাতে কলকাতা মেট্রোর সুড়ঙ্গের মধ্যে থেকে এক যুবকের নিথর দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে ডাউন লাইনে ওই যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আরপিএফ-এর অনুমান, যুবকের বয়স ২৫ বছর। যদিও, এখনও তার পরিচয় জানা যায়নি।

আরপিএফ সূত্রে খবর, রাত আনুমানিক ২টা ১৫ মিনিট নাগাদ তাদের হেল্পলাইনে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, মেট্রোর সুড়ঙ্গের মধ্যে কেউ একজন পড়ে রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আরপিএফ এবং নিউ মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার করার সময় যুবকের দেহে প্রাণ ছিল বলে জানা যায়। তবে, দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

কিন্তু এই যুবক কীভাবে মেট্রোর সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার মৃত্যুর কারণও এখনও স্পষ্ট নয়। এই ঘটনা কলকাতা মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালেও টালিগঞ্জ স্টেশনের মাঝে ডাউন লাইনে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল, যা নিয়েও রহস্য দানা বেঁধেছিল।

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা যাই নিয়ম তৈরি করি, মানুষ যদি তা না মানে, আমাদের কিছু করার নেই। বারবার যদি মানুষ নিরাপত্তা বেষ্টনী ভেঙে লাইনে নেমে যেতে চান, তাহলে আমরা কী-ই বা করতে পারি?” তিনি আরও বলেন, নিরাপত্তার কোনো ফাঁকফোকর আছে কিনা, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।