‘এবার ভারত সমুদ্রমন্থন শুরু করবে’, আমেরিকার ট্যারিফের মার খেয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকার পক্ষ থেকে অতিরিক্ত শুল্কের মুখে পড়ার বিতর্কের মধ্যেই স্বাধীনতা দিবসে এক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত এবার ‘সমুদ্র মন্থন’ শুরু করবে। দেশের জ্বালানি নির্ভরতা কমাতে এবং আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে সরকার জাতীয় গভীর জল অনুসন্ধান মিশন চালু করতে চলেছে। এর মাধ্যমে সমুদ্রের গভীরে তেল ও গ্যাসের নতুন ভাণ্ডার খুঁজে বের করার চেষ্টা করা হবে।

সম্প্রতি রাশিয়া থেকে কম দামে তেল কেনা নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, দেশের স্বার্থে যেখান থেকে কম দামে তেল পাওয়া যাবে, সেখান থেকেই কেনা হবে। ভারতের যুক্তি হলো, আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখার জন্য পশ্চিমী দেশগুলোই প্রথমে রাশিয়া থেকে তেল কিনতে উৎসাহিত করেছিল। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই নতুন ঘোষণা ভারতের আত্মনির্ভরতার ওপর জোর দেয়।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “উন্নত ভারতের ভিত্তি হলো আত্মনির্ভর ভারত… আত্মনির্ভর কেবল আমদানি, রপ্তানি বা ডলারের মধ্যে সীমাবদ্ধ নয়, এর অর্থ আরও বিস্তৃত।” তিনি দেশের তরুণ বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও পেশাদারদের প্রতি ভারতের নিজস্ব যুদ্ধবিমানের জন্য জেট ইঞ্জিন তৈরির আহ্বান জানান। তিনি আরও ঘোষণা করেন যে, সরকার ‘মিশন মোডে’ সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে এবং এই বছরের শেষ নাগাদ ‘মেড ইন ইন্ডিয়া’ সেমিকন্ডাক্টর চিপ বাজারে আসবে। অতীতে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ শুরু হলেও তা সফল হয়নি বলে তিনি হতাশা প্রকাশ করেন।