‘এ কেমন সমঝোতা?’-সিন্ধু জলচুক্তি নিয়ে নেহরু সরকারকে ফের তোপ দাগলেন প্রধানমন্ত্রী

৭৯তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু জলচুক্তি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি সরাসরি পাকিস্তানের পাশাপাশি নেহরু সরকারের সমালোচনা করেন। প্রধানমন্ত্রী আবারও বলেন, “রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না।”
প্রধানমন্ত্রী মোদী কোনো নাম না করেই প্রাক্তন নেহরু সরকারকে নিশানা করে বলেন, “দেশের মানুষ খুব ভালো করেই বুঝেছেন, এই সিন্ধু জলচুক্তি কতটা একতরফা এবং অন্যায় ছিল। ভারতের নদীগুলোর জল শত্রু দেশে ফসল ফলাচ্ছিল, আর আমাদের দেশের কৃষক ও জমি জলের জন্য তৃষ্ণার্ত ছিল। এই চুক্তি গত সাত দশক ধরে আমাদের কৃষকদের ক্ষতি করে এসেছে। এখন থেকে এই জলের অধিকার কেবল আমাদের কৃষকদেরই থাকবে। কৃষকদের স্বার্থের সঙ্গে ভারত আর কোনো আপস করবে না।”
জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলার পরেই ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছিল। প্রধানমন্ত্রী তার আজকের ভাষণে আবারও স্পষ্ট করে দিলেন যে, সেই অবস্থান থেকে ভারত সরে আসেনি। তিনি বলেন, সন্ত্রাসবাদ এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। এই সূত্রেই তিনি ‘জল-রক্ত’ প্রসঙ্গটি তুলে ধরেন।
উল্লেখ্য, ১৯৫০ সালে তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, সিন্ধু, বিতস্তা (ঝিলম) এবং চন্দ্রভাগার (চেনাব) জলের উপর পাকিস্তানের অধিকার ও কর্তৃত্ব থাকবে। অন্যদিকে, ভারত বিপাশা (বিয়াস), শতদ্রু (সাতলেজ) এবং ইরাবতী (রাভি) নদীর জল ব্যবহার করবে। সেই চুক্তিতে ভারতে প্রবাহিত সিন্ধু নদের মোট জলের ৩০ শতাংশ ভারতের এবং ৭০ শতাংশ পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল। পহেলগাঁওতে হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করে দেয়।