“BJP ক্ষমতায় এলেই মাসে মিলবে ৫০০০ টাকা!”-২৬-এর ভোটের আগে বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর

বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। এই ভোটের আগে রাজনৈতিক ময়দান এখন থেকেই সরগরম। শাসক ও বিরোধী—সব দলই নিজেদের অবস্থান মজবুত করতে মরিয়া। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার বড়সড় প্রতিশ্রুতি দিয়ে রাজ্য রাজনীতির পারদ আরও চড়ালেন।

বুধবার কাঁচড়াপাড়ায় বিজেপির ‘কন্যা বাঁচাও’ মিছিলের শেষে এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক আন্দোলনে জেলে যাওয়া নেতা-কর্মীদের মাসিক ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। তিনি বলেন, “তৃণমূল সরকার যাদের মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে, তাদের প্রতি অন্যায় হয়েছে। আমরা ক্ষমতায় এলে মাসিক সংগ্রামী ভাতা দিয়ে সেই অবিচারের প্রতিকার করব।” এই প্রতিশ্রুতিকে তিনি অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরেন।

শুভেন্দু অধিকারী আরও বলেন, “শুধু পরিবর্তন নয়, বদল হবে। যারা অন্যায় করেছে, সুদে-আসলে শাসক দলকে সবটা ফেরত দিতে হবে।” তিনি জোর গলায় বলেন, মানুষ যদি বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তবে এই প্রতিশ্রুতি কেবল কাগজে থাকবে না, বাস্তবে রূপায়িত হবে।

এদিনের সভায় শুভেন্দু তাঁর দলের শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেন। তিনি বলেন, “শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেও শুভেন্দু একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, বাংলায় গেরুয়া শিবির ক্ষমতায় এলে ‘মিথ্যা মামলায়’ জেলে যাওয়া আন্দোলনকারীদের মাসিক ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এবার বিধানসভা নির্বাচনের মুখে তিনি আরও একবার এবং আরও দৃঢ়ভাবে সেই একই প্রতিশ্রুতি দিলেন, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী দলনেতার এই ঘোষণা আসন্ন নির্বাচনে দলীয় কর্মীদের মনোবল বাড়াবে বলেই মনে করা হচ্ছে।