দশ বছরের প্রতীক্ষার অবসান, ১৪ আগস্ট ‘ধূমকেতু দিবস’ উদযাপনে মেতে উঠল বাঙালি দর্শক

১৪ আগস্ট, ক্যালেন্ডারে এটি সাধারণ একটি তারিখ হলেও, বাংলার সিনেপ্রেমীদের কাছে এটি এখন ‘ধূমকেতু দিবস’ হিসেবে পরিচিত। দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে দেব এবং শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে এবং দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ‘ধূমকেতু’র প্রথম শো শুরু হয়, আর তাতেই প্রেক্ষাগৃহগুলোতে ছিল উপচে পড়া ভিড়। কেক কাটা, ঢাক-ঢোল বাজানো এবং নাচ-গানের মধ্য দিয়ে ‘দেশু’ (দেব-শুভশ্রী) অনুরাগীরা ছবিটি মুক্তির এই মুহূর্তটিকে একটি উৎসবে পরিণত করে তুলেছেন। সকাল ৭টার শোতেও দর্শকরা হল ভর্তি করে ছবিটি দেখেছেন।

একসময় দেব ও শুভশ্রী শুধু পর্দার জনপ্রিয় জুটিই ছিলেন না, বাস্তবেও তাদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। বিচ্ছেদের পরেও তারা ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন, কিন্তু নানা জটিলতার কারণে ছবিটি সেই সময় মুক্তি পায়নি। ১০ বছর ধরে অনুরাগীদের ভালোবাসার কারণেই অবশেষে নির্মাতারা সব বাধা কাটিয়ে ছবিটি মুক্তি দিতে সক্ষম হয়েছেন।

ছবিটি মুক্তির পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদযাপনের নানা ছবি উঠে এসেছে। কোথাও শুভশ্রীর ছবিতে মালা পরিয়েছেন ভক্তরা, আবার কোথাও দেব-শুভশ্রীর বড় ছবিতে গাঁদার মালা দিয়ে অনুরাগীরা ভিড় জমিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫০টিরও বেশি শো হাউজফুল হয়েছে। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন—সবখানে এখন ‘ধূমকেতু’ উৎসব চলছে। এই উন্মাদনা প্রমাণ করে, বাংলার দর্শক এখনো দেব-শুভশ্রী জুটিকে কতটা ভালোবাসেন।