যোগীর প্রশংসায় সাসপেন্ড সমাজবাদী পার্টির বিধায়ক পূজা পাল, বিজেপির তোপ

উত্তর প্রদেশ বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উচ্ছ্বসিত প্রশংসা করায় সমাজবাদী পার্টির (সপা) বিধায়ক পূজা পালকে দল থেকে বহিষ্কার করেছেন অখিলেশ যাদব। পূজা পাল দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে সপা-র পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে, এই সিদ্ধান্তকে ‘দলিত বিরোধী’ আখ্যা দিয়ে সমাজবাদী পার্টিকে কটাক্ষ করেছে বিজেপি।

ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার বিধানসভায় ‘ভিশন ডকুমেন্ট ২০৪৭’ নিয়ে আলোচনা চলাকালীন। সপা বিধায়ক পূজা পাল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে বলেন, “আমার স্বামীকে কে মেরেছিলেন, তা সবাই জানেন। আমাকে ন্যায়বিচার দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। যখন কেউ আমার কথা শোনেননি, তখন তিনি শুনেছিলেন।” তিনি আরও বলেন, যোগী সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে আতিক আহমেদের মতো অপরাধীরা মারা পড়েছে। “আমার স্বামীর খুনি আতিক আহমেদকে মাটিতে মিশিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন সারা রাজ্য তাঁর দিকে আস্থার চোখে তাকিয়ে থাকে,” বলেন পূজা।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৫ জানুয়ারি বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পালকে খুন করা হয়। পূজার স্বামী ছিলেন তিনি। এই খুনের মামলায় গ্যাংস্টার আতিক আহমেদ এবং তার ভাই আশরফের নাম উঠে আসে। ২০২৩ সালে আতিক ও আশরফকে পুলিশি হেফাজতে থাকাকালীন গুলি করে হত্যা করা হয়।

পূজা পালের এই মন্তব্যের পরই সপা নেতৃত্ব অস্বস্তিতে পড়ে। এর কয়েক ঘণ্টা পরেই অখিলেশ যাদব তাঁকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করেন। সপা-র এক বিবৃতিতে বলা হয় যে, পূজা পাল দলের কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না এবং ভবিষ্যতে তাঁকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না।

এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “অপরাধ রোধে রাজ্য সরকারের পদক্ষেপের প্রশংসা করার জন্য পূজা পালকে বহিষ্কার করেছে সপা। এর মাধ্যমে সমাজবাদী পার্টির দলিত বিরোধী মনোভাব আবারও সামনে এসেছে।”