পাক সেনাপ্রধানের পরমাণু হুমকির কড়া জবাব ভারতের, ‘পরিণতি হবে ভয়ঙ্কর’

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ভারত-বিরোধী উস্কানিমূলক মন্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রক বলেছে, পাকিস্তান নিজেদের ব্যর্থতা ঢাকতেই বারবার ভারত-বিরোধী ঘৃণাভাষণ দিচ্ছে। মুনিরের মন্তব্যকে কেন্দ্র করে ভারত স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে, যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি ‘ভয়ঙ্কর’ হবে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা পাকিস্তানের পক্ষ থেকে বারবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি এবং ঘৃণাভাষণ দেখতে পাচ্ছি। এটি নিজেদের ব্যর্থতা ঢেকে ভারত-বিরোধী উস্কানি ছড়ানোর তাদের পুরোনো কৌশল।” এরপর তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগেও আমরা দেখিয়েছি এবং আবারও বলে রাখছি, যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে।” কূটনৈতিক মহলের মতে, এই মন্তব্য দিয়ে ভারত সম্ভবত ‘অপারেশন সিঁদুর’-এর কথা পাকিস্তানকে মনে করিয়ে দিতে চেয়েছে।
এই বিতর্কের সূত্রপাত হয় পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাম্প্রতিক মার্কিন সফরের সময়। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর একটি নৈশভোজে তিনি ভারতের বিরুদ্ধে পরোক্ষভাবে পরমাণু হামলার হুমকি দেন। মুনির বলেন, “আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা শেষ হতে চলেছি, তাহলে আমরা গোটা বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।”
একই অনুষ্ঠানে তিনি সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের পদক্ষেপের বিরুদ্ধেও মুখ খোলেন। তিনি বলেন, “ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করছি। বাঁধ তৈরি হলে দশটা মিসাইল ছুড়ে তা ধ্বংস করে দেব। ওটা ওদের পৈতৃক সম্পত্তি নয়।” আসিম মুনিরের এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ভারতের এই কঠোর প্রতিক্রিয়ার পর এখন দেখার বিষয়, পাকিস্তান কী পদক্ষেপ নেয়।