আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে লিগ শুরু

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সম্প্রতি এগারোটি আইএসএল ক্লাবের পক্ষ থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) একটি চিঠি দিয়ে দ্রুত সমস্যা সমাধানের অনুরোধ জানানো হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে এআইএফএফ তাদের সর্বশেষ মিটিংয়ের বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছে, যেখানে আইএসএল সংক্রান্ত আপডেটও রয়েছে।

এআইএফএফ-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ৮ আগস্ট তারা আইএসএল ক্লাবগুলির পক্ষ থেকে একটি চিঠি পায়, যেখানে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির অনুরোধ করা হয়েছিল। এরপর ১৩ আগস্ট আইএসএল ক্লাবগুলির আইনি প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়, যেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে।

মূল সমস্যা হলো, এআইএফএফ এবং এফএসডিএল-এর মধ্যে মাস্টার রাইট অ্যাগ্রিমেন্ট সংক্রান্ত জটিলতা। এই অ্যাগ্রিমেন্টটি ডিসেম্বরে শেষ হচ্ছে, যার কারণে সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকা আইএসএল টুর্নামেন্ট শুরু করা যাচ্ছে না। এআইএফএফ-এর ৭ আগস্টের বৈঠকের বিষয়বস্তু অনুযায়ী, আইএসএল শুরু হওয়া নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর। তবে যখনই লিগ শুরু হোক না কেন, দলগুলোকে প্রস্তুতির জন্য অন্তত দুই মাসের সময় দেওয়া হবে।

এই পরিস্থিতিতে সুপার কাপ এগিয়ে আনা হতে পারে বলে জানানো হয়েছে। অক্টোবর নাগাদ সুপার কাপ শুরু হতে পারে এবং এর পূর্ণাঙ্গ সূচি দ্রুতই প্রকাশ করা হবে। এআইএফএফ আরও জানিয়েছে যে, তারা সুপ্রিম কোর্টে বিষয়টি উত্থাপন করবে এবং সমস্ত ক্লাবকে সঙ্গে নিয়েই এই সমস্যার সমাধান করবে। যদিও ফেডারেশনের এই বিবৃতি থেকে আইএসএল জট পুরোপুরি কেটেছে বলে মনে হচ্ছে না, তবে পরিস্থিতি কিছুটা হলেও স্পষ্ট হয়েছে।