দিঘায় ফের দুর্ঘটনা, উত্তাল সমুদ্রে তলিয়ে দুই পর্যটক, একজনের মৃত্যু

দিঘায় ফের মর্মান্তিক দুর্ঘটনা। উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই পর্যটক। স্থানীয় নুলিয়ারা এবং উদ্ধারকারী দল দ্রুত তৎপর হলেও একজনের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। মৃত পর্যটকের নাম নারায়ণ সাউ (৪২), তিনি ওড়িশার বাসিন্দা। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া অন্য পর্যটক হলেন হাওড়ার লিলুয়ার বাসিন্দা শঙ্কর হাজরা (৪৫), যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগ ও প্রবল বাতাসের কারণে দিঘার সমুদ্র গত কয়েকদিন ধরে অত্যন্ত উত্তাল রয়েছে। ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। বারবার সতর্ক করা সত্ত্বেও কিছু পর্যটক ঝুঁকি নিয়ে সমুদ্রে নেমেছিলেন। এর মধ্যেই শঙ্কর হাজরা ও নারায়ণ সাউ ঢেউয়ের তোড়ে তলিয়ে যান।
তাঁদের তলিয়ে যেতে দেখে স্থানীয় নুলিয়ারা তৎক্ষণাৎ সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। প্রথমজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজনের খোঁজ পেতে কিছুটা সময় লাগে। পরে তাঁকেও উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা নারায়ণ সাউকে মৃত ঘোষণা করেন। শঙ্কর হাজরাকে বাঁচানো গেলেও তার শারীরিক অবস্থা গুরুতর।
দিঘা মোহনা থানার ওসি প্রবীর সাহা জানিয়েছেন, “আজকের ঘটনাটি খুবই দুঃখজনক। উত্তাল সমুদ্রের বিষয়ে আমরা বারবার পর্যটকদের সতর্ক করছি। তবুও কিছু মানুষ নিয়ম মানছেন না।” স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢেউয়ের তীব্রতা এতটাই ছিল যে, পর্যটকদের পক্ষে ঢেউ সামলানো সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আবারও পর্যটকদের সমুদ্রস্নানে নামতে নিষেধ করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।