একাই লড়বে তৃণমূল’, বাংলায় আসন সমঝোতার সম্ভাবনা খারিজ করলেন অভিষেক

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে জাতীয় স্তরে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর অনেকেই আসন সমঝোতার আশা করেছিলেন। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় অভিষেক বলেন, “সংসদে সখ্যতা বাড়লেও কংগ্রেসের সঙ্গে এখনই আসন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না।” তিনি আরও বলেন, যদি কোনোভাবে কংগ্রেসের পক্ষ থেকে সমঝোতার প্রস্তাব আসে, তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে অভিষেক ইঙ্গিত দিয়েছেন যে, জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’ জোট থাকলেও, রাজ্য রাজনীতিতে ‘দোস্তি’র পরিবর্তে ‘কুস্তি’র নীতিতেই তারা অটল থাকবেন।
যদিও বাংলায় আসন সমঝোতা নিয়ে কোনো আগ্রহ না দেখালেও, তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে প্রচারের ক্ষেত্রে কংগ্রেসের পাশে থাকবে বলে জানা গেছে। অভিষেক জানান, বিহারের বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য আরজেডি এবং কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ এলে সেখানে তৃণমূলের প্রতিনিধিরা যাবেন। আগামী ১ সেপ্টেম্বর রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের যৌথ র্যালিতে বাংলার শাসকদলের প্রতিনিধিরা যোগ দেবেন। কিছুদিন আগে রাহুল গান্ধীর বাসভবনে আয়োজিত নৈশভোজে তেজস্বী যাদব মমতা ও অভিষেককে পাটনায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।
এই পদক্ষেপ থেকে স্পষ্ট, তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে ‘ইন্ডিয়া’ জোটের অংশ হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখলেও, বাংলার নিজস্ব রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান নিয়ে কোনো আপস করতে রাজি নয়। এই ঘোষণার পর এখন দেখার বিষয়, কংগ্রেস কী প্রতিক্রিয়া দেয় এবং বিধানসভা নির্বাচনে উভয় দল কীভাবে পরস্পরের বিরুদ্ধে লড়াই করে।