এয়ারহোস্টেসের কাছে অর্জুন ভেবে রায়নার নামে সচিনের মজার অভিযোগ

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার তার ২২ গজের পারফরম্যান্সের পাশাপাশি রসিকতার জন্যও পরিচিত। সম্প্রতি, তার পুত্র অর্জুন টেন্ডুলকারের বাগদানের খবর নিয়ে যখন সরগরম সোশ্যাল মিডিয়া, তখন উঠে এল শচীন ও সুরেশ রায়নার একটি পুরোনো মজার গল্প। এই গল্পটি ২০১০ সালের দিকের, যখন এক এয়ারহোস্টেস রায়নাকে অর্জুন টেন্ডুলকার ভেবে ভুল করেছিলেন, আর শচীন সেই সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েননি।
২০০৬ সালে সুরেশ রায়না ভারতীয় দলে যোগ দেন। শচীন এবং রায়না উভয়ই বহু ম্যাচে একসঙ্গে খেলেছেন। রায়নার মতে, শচীন সুযোগ পেলেই মজা করতেন, এবং সেই ধরনেরই একটি ঘটনা তিনি সম্প্রতি শেয়ার করেছেন।
রায়না জানান, একটি টেস্ট ম্যাচ খেলতে তারা একসঙ্গে বিমানে ভ্রমণ করছিলেন। শচীনের পাশের আসনেই বসেছিলেন রায়না। একজন এয়ারহোস্টেস শচীনকে ‘গুড মর্নিং’ বলে কুশল জিজ্ঞাসা করেন। এরপর তিনি রায়নাকে দেখে অর্জুন মনে করে কিছু একটা বলেন। শচীন এই সুযোগ হাতছাড়া না করে এয়ারহোস্টেসকে বলেন, “হ্যাঁ, ও একদম পড়াশোনা করে না। কী করা যায় বলুন তো? আমি তো অঞ্জলিকেও (টেন্ডুলকার) বলেছি।” রায়না তখন বুঝতে পারেন যে এয়ারহোস্টেস তাকে অর্জুন ভেবে ভুল করেছেন এবং শচীন তার সঙ্গে মজা করছেন।
পরে রায়না শচীনের এই রসিকতার কথা দলের অন্য খেলোয়াড়দের জানান। তিনি শচীনকে বলেন, “আপনি আমাকে কেন বিজনেস ক্লাসে বসিয়েছেন এবং অর্জুন টেন্ডুলকারও বানিয়ে দিলেন!” এরপর শচীন হাসিমুখে সেই এয়ারহোস্টেসের কাছে গিয়ে বলেন, “ও ভারতীয় দলেরই সদস্য। ওর নাম সুরেশ রায়না, আমার ছেলে অর্জুন নয়।” রায়না জানান, শচীন সুযোগ পেলেই এমন মজার ছলে সতীর্থদের সঙ্গে রসিকতা করতে ভালোবাসতেন। এই ঘটনা আবারও প্রমাণ করে যে, মাঠের বাইরেও ক্রিকেটারদের মধ্যে একটি দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।